চুয়াডাঙ্গায় ফুটবল ও প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদের ছুটিতে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় একাধিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর কয়রাডাঙ্গা ফুটবল মাঠে রুহুল আমিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উকতো গ্রাম একাদশ ১-০ গোলে দলিয়ারপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার হিসেবে দুটি গরু দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টের আয়োজক রুহুল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদিমপুর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, টুর্নামেন্টের সভাপতি ইয়াছিন আলী, স্থানীয় সমাজসেবক আতিয়ার রহমান, সাহাবুল ইসলাম ও দেলোয়ার হোসেন। একই দিন সদর উপজেলার তালতলা ফুটবল মাঠে টুয়েন্টি-টুয়েন্টি প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় তালতলা নাইট রাইডার্স ক্লাব ৩৬ রানে তালতলা সুপার কিংস একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নাইট রাইডার্সের খেলোয়াড় জনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর ফুটবল মাঠে ১৯ নভেম্বর কে আর মালিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীতম্বর একাদশ টাইব্রেকারে ৫-৩ গোলে সুবলপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগার। শেষে টুর্নামেন্ট কমিটির সভাপতি ইউনুছ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এ আর মালিক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ভোলানাথ দে, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল-আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ও আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন। আলমডাঙ্গা উপজেলার রামদিয়া স্কুল মাঠে ১৯ নভেম্বর ব্যারিস্টার বাদল রশিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হরিণাকুণ্ডু টাইগার ক্লাব ১-০ গোলে হরিণাকুণ্ডু সাতব্রিজ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সবুজ সংঘ এই টুর্নামেন্টের আয়োজন করে। খেলা শেষে খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হরিণাকুণ্ডু লালন শাহ কলেজের অধ্যক্ষ ইমরোজ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক মিজানুর রহমান, হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, মজিবর রহমান ও পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান। একই দিন বিকেলে চুয়াডাঙ্গা ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ওই বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ও ১৯৯৭ ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ১৯৯৬ ব্যাচ ২৯ রানে জয়লাভ করে।