চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর বেলে মাঠের রাখাল শাহ বাউলের আশ্রমে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। তারা আশ্রমে ঢুকে সেখানে একটি ঘর এবং বেশ কিছু বাদ্যযন্ত্র ভাঙচুর করে। এরপর আশ্রমের সীমানাবেড়ায় আগুন ধরিয়ে দেয়।২১ নভেম্বর রাতে ওই হামলার ঘটনা ঘটলেও গতকাল শুক্রবার পর্যন্ত মামলা নেয়নি পুলিশ। এ ঘটনায় বাউলদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।বাউলদের অভিযোগ, হামলাকারীরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আবদুস সামাদের অনুসারী ও আত্মীয়।রাখাল শাহ আশ্রমের খাদেম বাউল আলী আহম্মেদ (৫৫) জানান, কে বা কারা পুলিশের কাছে অভিযোগ করে যে আশ্রমে অনৈতিক কাজ চলে। এ রকম মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে ২১ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আশ্রমে আসে এবং খোঁজখবর নেয়। পুলিশের সদস্যরা আশ্রমে থাকা বাউল সাধকদের বাড়ি চলে যাওয়ার নির্দেশ দিয়ে ফিরে যান। পুলিশ চলে যাওয়ার পর রাত নয়টার দিকে জেএমবি নেতা আবদুস সামাদের অনুসারীরা হামলা চালায়। এ সময় প্রাণভয়ে বাউলেরা এদিক-ওদিক ছুটে পালান। বাউলদের অনুপস্থিতির সুযোগে হামলাকারীরা আশ্রমের বাদ্যযন্ত্র, ঘরের চাল ও প্রয়োজনীয় অন্য জিনিসপত্র ভাঙচুর করে। ভাঙচুর করে ফেরার সময় তারা আখের একটি খেতে এবং আশ্রমের সীমানার বেড়ায় আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এদিকে আগুন ধরিয়ে চলে যাওয়ার পর গ্রামবাসীর সহযোগিতায় খাদেম আলী আহম্মেদসহ বাউলেরা রাতেই আশ্রমে ফিরে আসেন।বাউলেরা জানান, হামলাকারীদের মধ্যে তাঁরা লোকনাথপুর গ্রামের আলীম মীর, জামাল, আজহার, মুসা, সাজেদুল, আকরাম, বিশারত, মনিরুল ও সাদ্দামসহ ২০ জনকে চিনতে পেরেছেন।বাউল আলী আহম্মেদ জানান, গ্রামের একটি পক্ষ সালিসের কথা বলে একদিকে সময় ক্ষেপণ করছে, অন্যদিকে থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা না নিয়ে অহেতুক হয়রানি করছে।বাউল আশ্রমে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রথম আলোকে জানান, যে বা যারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা দরকার।চুয়াডাঙ্গা বাউল পরিষদের সভাপতি শিল্পী ধীরু বাউল বলেন, এ দেশে সব ধর্মবর্ণের নিজ নিজ ধর্ম ও মত প্রকাশের স্বাধীনতা থাকলেও বাউলদের ওপর ন্যক্কারজনক এ হামলা কখনো সহ্য করা হবে না। প্রয়োজনে সারা দেশের বাউলদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।জেলা গোয়েন্দা পুলিশের এসআই জিয়াউর রহমান জানান, ২১ নভেম্বর রাখাল শাহ বাউল আশ্রমে অভিযান চালিয়ে একজনকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছিল।দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা প্রথম আলোকে জানান, তিনি বাউলদের কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাননি। তবে স্থানীয় একাধিক সূত্রে জানতে পেরেছেন, কয়েক দিন আগে লোকনাথপুর গ্রামবাসীর সঙ্গে বাউলদের কথা-কাটাকাটি হয়েছে।জেএমবি নেতা আবদুস সামাদের অনুসারীদের বিষয়ে জানতে চাওয়া হলে নাজমুল দাবি করেন, দামুড়হুদা কেন, সারা দেশে জেএমবির কোনো অস্তিত্ব নেই।