চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী হাইস্কুল মাঠে ১৩ সেপ্টেম্বর বিকেলে বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলি আজগার। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম, উথলী ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দীন বিশ্বাস ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আসাদুর রহমান বিশ্বাস । উদ্বোধনী খেলায় তালতলা একাদশ ৮-০ গোলে বেগমপুর একাদশকে পরাজিত করেছে। দলের পক্ষে গোল করেন সজীব (চারটি), শাহীন (তিনটি) ও সোহেল (একটি)। সজীব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আজিজুল হক। সহকারী রেফারি ছিলেন হাসানুর রহমান ও সাখাওয়াত হোসেন। এই টুর্নামেন্টে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ১৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো তালতলা একাদশ, বেগমপুর একাদশ, রুদ্রনগর একাদশ, আন্দুলবাড়িয়া একাদশ, সাব্দালপুর একাদশ, দেহাটি একাদশ, রামনগর একাদশ, মিনাজপুর একাদশ, সবুজসংঘ একাদশ, ধোপাখালী একাদশ, কাশিপুর একাদশ, উথলী একাদশ, খয়েরহুদা একাদশ, দর্শনা বয়েজ একাদশ ও বেলগাছি একাদশ।