চুয়াডাঙ্গায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমানকে (৪৪) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাতে হোগলডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে তাঁকে হত্যা করা হয়। মিজানুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী গতকাল মঙ্গলবার সকালে হোগলডাঙ্গা পুলিশ ফাঁড়িতে গিয়ে হামলা করে ও ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুনসুর আহম্মেদকে পিটুনি দেয়। দায়িত্বে অবহেলার অভিযোগে ওই এসআইকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রোকনুজ্জামান (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি নতিপোতা ইউপির বহিষ্কৃত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামানের ছোট ভাই।মিজানুর রহমানের স্ত্রী ডালিয়া বেগম জানান, সোমবার রাত পৌনে একটার সময় সন্ত্রাসীরা বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে দুই মেয়ে ও তাঁর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা করে। সন্ত্রাসীদের টাকা-পয়সা ও সোনার গয়না দেওয়ার পরও তারা মিজানুরকে রেহাই দেয়নি। এর আগে সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে মিজানুর নিজেই নিকটস্থ পুলিশ ফাঁড়ি ও থানায় খবর দেন। কিন্তু পুলিশ দ্রুত সাহায্যে এগিয়ে আসেনি। নৃশংসতার খবর পেয়ে গ্রামবাসী প্রতিরোধে এগিয়ে গেলে সন্ত্রাসীরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ত্যাগ করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর পুলিশের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। মিজানুর রহমানকে হত্যার কারণ জানতে চাইলে পরিবারের সদস্যরা কেউ তেমন কিছু বলতে পারেনি।ঘটনার পরপরই পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা এবং গতকাল সকালে চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগারসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মিজানুরের মরদেহ উদ্ধারের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে হোগলডাঙ্গা গ্রামে হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদুল ইসলাম জানান, নতিপোতা ইউনিয়নে সন্ত্রাসীদের আনাগোনা নিয়ে উপজেলা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বারবার বলা হলেও পুলিশ বিষয়টি আমলে নেয়নি। পুলিশের কর্তব্যে অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। দামুড়হুদা থানার এসআই তোবারক আলীকে হোগলডাঙ্গা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়ে ঘটনার তদন্ত করা হবে। আমি আশাবাদী, দ্রুত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে। তদন্তে পুলিশের কারও গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ ফাঁড়িতে ক্ষুব্ধ গ্রামবাসীর হামলার কথা তিনি স্বীকার করেন। এ ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।