চুয়াডাঙ্গায় মাটির নিচ থেকে ১৭০ রাউন্ড অব্যবহূত গুলি উদ্ধার
চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মাঠ থেকে পুলিশ এলএমজির ১৭০ রাউন্ড অব্যবহূত গুলি উদ্ধার করেছে। এলাকাবাসীর কাছে খবর পেয়ে সদর থানার পুলিশ আজ বুধবার বেলা ১১টার দিকে মাটির নিচে পুঁতে রাখা কলস-ভর্তি বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে । চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে জানান, ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার। তিনি আরও বলেন, উদ্ধার করা গুলিগুলো এলএমজিতে ব্যবহার করা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে মাটির নিচে থাকায় তা অকেজো হয়ে পড়েছে।পুলিশ ও এলাকার বাসিন্দারা জানান, সকালে শ্রমিকেরা ছয়ঘরিয়া গ্রামের ঈদগা পাড়ার সিরাজুল ইসলামের জমিতে মাটি কাটছিলেন। মাটি কাটার সময় কোদালের কোপে মাটির নিচ থেকে একটি কলস উঠে আসে। শ্রমিকেরা কলসের ভেতর বিপুল পরিমাণ অব্যবহূত গুলি দেখতে পান। খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক সেকেন্দার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গ্রামে যায় এবং গুলিভর্তি কলস উদ্ধার করে থানায় নিয়ে আসে।