চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর ওপর সন্ত্রাসীদের বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর কলম আমবাগানে আজ বুধবার ভোরে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা টহলরত যৌথ বাহিনীর ওপর বোমা হামলা চালিয়েছে। এ সময় পুলিশ, আনসার ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, স্থানীয় নাটুদহ যৌথ বাহিনী ক্যাম্পের সদস্যরা টহলের অংশ হিসেবে আজ ভোরে শিবনগর আমবাগানে যান। যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দুই দফায় তিনটি বোমা ছুড়ে মারে। যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা ১১টি গুলি ছুড়লে সন্ত্রাসীরা পিছু হটে। তবে কেউ হতাহত হয়নি। আমবাগানের অংশীদার সুজাত আলী জানান, বাগানে কর্মরত পাহারাদার টর্চলাইট জ্বালালে সন্ত্রাসীরা তাদের দিকে ছুটে আসে। এ সময় টহলরত যৌথ বাহিনীর সদস্যরা বাঁশি বাজালে সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যায়।