চুয়াডাঙ্গায় শ্রেণীকক্ষ থেকে টেনেহিঁচড়ে শিক্ষককে মারধর
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসবাগুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে (৪৫) বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিত্সাধীন। আহত শিক্ষকের অভিযোগ, চাঁদাবাজিতে বাধা দেওয়ায় খাসবাগুন্দা গ্রামের ফজলুল হক ওরফে ফজলু (৪০) তাঁর ওপর এ হামলা চালান।এ ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা থানায় মামলা করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৫ লাখ টাকা ব্যয়ে খাসবাগুন্দা প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন নির্মিত হচ্ছে। মামলায় অভিযুক্ত ফজলু বেশ কয়েক দিন ধরে ওই কাজের ঠিকাদার বাবুল মিয়ার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। কিন্তু ঠিকাদার কৌশলগত কারণে আইনের আশ্রয় নেননি। বুধবার দুপুর দুইটার দিকে ফজলু এসে ঠিকাদারের কাছে চাঁদার টাকা দাবি করেন। শিক্ষক সিরাজুলের বাধার মুখে চাঁদার টাকা নিতে ব্যর্থ হয়ে ফিরে যান ফজলু। বেলা তিনটার দিকে সিরাজুল ইসলাম পঞ্চম শ্রেণীতে পাঠদান করছিলেন। এ সময় ফজলু তাঁর লোকজন নিয়ে এসে শ্রেণীকক্ষ থেকে সিরাজুলকে টেনেহিঁচড়ে বাইরে বের করেন। এরপর তাঁকে বুকে ও মুখে উপর্যুপরি লাথি, ঘুষি মারা হয়। বেধড়ক পেটানো হয় কাঠের বাটাম দিয়ে। স্থানীয় লোকজন সিরাজুলকে রক্ষায় এগিয়ে এলে সন্ত্রাসী ফজলু পিস্তল বের করে তাঁদের গুলি করে হত্যার হুমকি দেন। আতঙ্কে এলাকাবাসী সরে যায়। মারপিটের পর ফজলু ঘটনাস্থল ত্যাগ করলে খাসবাগুন্দা গ্রামের তারাচাঁদ মণ্ডল সিরাজুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।সদর হাসপাতালের চিকিত্সক শামীম কবীর জানান, শিক্ষক সিরাজুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে গেছে। সুস্থ হয়ে তাঁর বাড়ি ফিরতে এক মাস লাগতে পারে।ঠিকাদার বাবুল মিয়া তাঁর কাছে চাঁদা দাবির সত্যতা স্বীকার করে বলেন, বুধবার দুপুরে চাঁদাবাজ ফজলুকে দেখে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় প্রাণে বেঁচে গেছেন।নাগদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খাসবাগুন্দা গ্রামের বাসিন্দা আবদুল মালেক জানান, গত কয়েক মাসে ফজলু সাবেক ইউপি সদস্য রাশিদা খাতুন, ব্যবসায়ী কবির আলী এবং শুকচাঁদের কাছে চাঁদা চেয়ে না পেয়ে তাঁদের লাঞ্ছিত ও মারপিট করেছেন।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ ফকির গতকাল বিকেলে জানান, ফজলুকে ধরতে পুলিশি অভিযান চলছে।