চুয়াডাঙ্গায় সরকারি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক সমাপনী পরীক্ষায় চুয়াডাঙ্গার চারটি উপজেলায় মোট ১৪ হাজার ৬৮ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে প্রথম বিভাগ পেয়েছে পাঁচ হাজার ৭৫৮ জন। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করায় ছাত্রছাত্রী ও অভিভাবকেরা বেশ খুশি হয়েছিলেন। কিন্তু জেলার দুটি সরকারি বিদ্যালয়ে ভর্তির কোনো সুযোগ না থাকায় কয়েক দিনের মাথায় তাদের মধ্যে হতাশা নেমে এসেছে। চুয়াডাঙ্গায় মাত্র দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। দুটি স্কুলই জেলা সদরে অবস্থিত। স্কুল দুটি হলো ভিজে সরকারি উচ্চবালক বিদ্যালয় ও সরকারি উচ্চবালিকা বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয় দুটিতে প্রতিবছর তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। কিন্তু এবার কোনো ঘোষণা ছাড়াই ২০০৯ শিক্ষাবর্ষে এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হয়। সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন বলেন, সরকারিভাবে শুধু এন্ট্রি ক্লাসে ভর্তি করার কথা বলা হয়েছে। সে হিসেবে তৃতীয় শ্রেণীতে ভর্তি করা হয়েছে। কিন্তু ষষ্ঠ শ্রেণীতে ভর্তির বিষয়ে কোনো নির্দেশ না পাওয়ায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। একই কথা বলেছেন ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদুর রহমান। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান বলেন, ২০০৭ সালে তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ডবল শিফটে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়েছিল। ভিজে ও সরকারি বালিকা বিদ্যালয়ে নিচের ক্লাস থেকে যতো ছাত্র-ছাত্রী ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তারাই পূরণ করছে ষষ্ঠ শ্রেণীর নির্ধারিত আসন। ফলে ২০১০ সালের জন্য অন্য কোনো স্কুলের ছাত্রছাত্রীকে এ দুটি স্কুলে ভর্তি নেওয়ার সুযোগ থাকছে না। ২০১১ সাল থেকে ডবল শিফট চালু করা হবে। তখন আর এ সমস্যা থাকবে না।মানব পাচার প্রতিরোধবিষয়ক পরামর্শ সভা: ‘মানব পাচার প্রতিরোধ কৌশল নির্ধারণ’ বিষয়ে পরামর্শ সভা ৪ জানুয়ারি জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টনারশিপ সেন্টার-বিডিপিসি এ সভার আয়োজন করে। চুয়াডাঙ্গা জেলা নারী ও মানবাধিকার ফোরামের সহসভাপতি মালেকা হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ভোলানাথ দে। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর হোসেন, সুজনের জেলা সভাপতি সিদ্দিকুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মশিয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন বিডিপিসির কেন্দ্রীয় প্রকল্প পরিচালক জিন্নাত আরা ফেরদৌস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী ও মানবাধিকার ফোরামের সহসভাপতি মানিক আকবর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হিউম্যান রাইটস মনিটরিং সেলের সেক্রেটারি মো. বেলাল হোসেন, সৈয়দ হেদায়েত হোসেন, শাহীন সুলতানা, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম, আশরাফুন্নাহার ও নুঝাত পারভীন।