চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
চুয়াডাঙ্গায় গতকাল শনিবার রাত ও আজ রোববার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার জালশুকা গ্রামের নৈশপ্রহরী মফেল উদ্দিন (৫২), শহরের পৌর কলেজপাড়ার ব্যবসায়ী মাসুম হোসেন (৩৬) ও জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের ভ্যানচালক ইনসান আলী (২৮)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জালশুকা গ্রামের মফেল উদ্দিন আজ ভোর ছয়টার দিকে আলমডাঙ্গা উপজেলা কমলাপুরে যাওয়ার পথে পার্শ্ববর্তী ডিঙ্গেদহ ব্রিজের কাছে ট্রাকের ধাক্কায় আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর সকাল ১০টার দিকে মারা যান।গতকাল শনিবার সন্ধ্যায় শহরের পৌর কলেজের কাছে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহী মাসুম হোসেন ঘটনাস্থলেই মারা যান।শনিবার সন্ধ্যায় জীবননগর উপজেলার চ্যাংখালী নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইনসান আলী মারা যান।