চুয়াডাঙ্গায় ৭০টি গুলিসহ কনস্টেবলের স্ত্রী গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাইফেল ও রিভলবারের ৭০টি গুলিসহ মুকুলী বেগম (৪০) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা শহরের উত্তর কলেজপাড়ার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর ছেলে ইমরান পালিয়ে গেছে। মুকুলী বেগমের স্বামী আবদুর রহমান কুষ্টিয়া জেলা পুলিশের কনস্টেবল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬-এর চুয়াডাঙ্গা ক্যাম্পের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, মুকুলী বেগম এবং তাঁর ছেলে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র ও গুলির ব্যবসা করছেন এমন খবরের ভিত্তিতে র্যাব এবং আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় পয়েন্ট টুটু বোর রাইফেলের ২৯টি এবং রিভলবারের ৪১টি গুলি উদ্ধার করা হয়। পলাতক ইমরানকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। স্থানীয় বাসিন্দারা জানান, মুকুলী বেগম কালিদাসপুর ইউনিয়ন ভূমি অফিসের একজন এমএলএসএস। তিনি ছেলে ইমরান ও মেয়ে রাবেয়া বসরীকে নিয়ে উত্তর কলেজপাড়ার বাড়িতে বসবাস করেন। তাঁর স্বামী থাকেন কর্মস্থলে। তবে বেশির ভাগ দিনই ইমরান বাড়িতে থাকে না এবং মাঝেমধ্যে অজ্ঞাত লোকজন নিয়ে বাড়িতে আসত। মা ও ছেলের চলাফেরা বরাবরই সন্দেহজনক ছিল।পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি রাতে আলমডাঙ্গা পশুহাটের পাশ থেকে স্থানীয় জনতা সুবাস (১৯) নামের এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। কুষ্টিয়া সদর উপজেলার জগতি গ্রামের সুবাস জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, আলমডাঙ্গা উত্তর কলেজপাড়ার ইমরানের সঙ্গে তাঁরা আলমডাঙ্গা এলাকায় একাধিক ছিনতাই করেছেন। এ সময় তিনি অন্য সহযোগীদের পরিচয় জানান এবং আগ্নেয়াস্ত্র ও গুলির সন্ধান দেন। সুবাসের দেওয়া তথ্যানুযায়ী র্যাব ও পুলিশ আজ অভিযান চালায়। গ্রেপ্তারের পর মুকুলী বেগম সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁর ছেলে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত নয়। সে কুষ্টিয়ার একটি স্কুলে ক্লাস নাইনে পড়ে। তবে কোন স্কুলে পড়ে, সেটা তিনি জানাতে পারেননি। মুকুলী দাবি করেন, তাঁরা ষড়যন্ত্রের শিকার।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক আকিকুল ইসলাম বাদী হয়ে মুকুলী বেগম ও তাঁর ছেলে ইমরানকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। মুকুলী বেগমকে থানাহাজতে রাখা হয়েছে। আগামী রোববার তাঁকে আদালতে হাজির করা হবে। ইমরানের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে বলে ওসি জানান।