চুয়াত্তরের ‘কাইজার’
ফুটবলের নতুন একটা পজিশন আবিষ্কার করেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার যখন ১৯৭৪ বিশ্বকাপের ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন তাঁর নিজের শহর মিউনিখে, মনে হয়েছিল, দৃশ্যটা নিয়তির গড়ে দেওয়া।‘কাইজারের’ ভুবন-ভোলানো পারফরম্যান্সের আগ পর্যন্ত সুইপার ব্যাক ছিল শুধুই রক্ষণের বাড়তি একটা অংশ। পাল্টা আক্রমণের চেয়ে দল যাতে গোল না খায়, সেই কাজেই লাগানো হতো সুইপারকে। কিন্তু বেকেনবাওয়ার ছিলেন পুতুলনাচের পরিচালকের মতো, যিনি রক্ষণে দাঁড়িয়েও সুতা টেনে নিয়ন্ত্রণ করতেন সবকিছু।পশ্চিম জার্মানির ’৭৪-এর বিশ্বকাপ জয়ের একমাত্র বাধা ছিল নেদারল্যান্ড এবং তাদের আবিষ্কৃত ‘টোটাল ফুটবল’। লড়াইটা হয়ে গিয়েছিল বেকেনবাওয়ারের প্রখর সাংগঠনিক ও অনুমান ক্ষমতার সঙ্গে ডাচ প্লে-মেকার ইয়োহান ক্রুইফের সহজাত ও শিল্পিত ফুটবলের।ফাইনালে নেদারল্যান্ড ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে এবং পশ্চিম জার্মানি বলে কোনো ছোঁয়া দেওয়ার আগেই ক্রুইফ জার্মানির পেনাল্টি বক্সে ফাউলের শিকার হলেন। ইয়োহান নিসকেন্স পেনাল্টি থেকে গোল করলেন।তবে সুলুকসন্ধানী বেকেনবাওয়ারের অনুপ্রেরণায় লড়াইয়ে ফেরে পশ্চিম জার্মানি। পশ্চিম জার্মানিও একটি পেনাল্টি আদায় করে নেয় এবং পল ব্রেইটনার সমতায় ফেরান দলকে। আর প্রথমার্ধের খেলা শেষের মিনিট দুই আগে জয়সূচক গোলটি করেন জার্ড মুলার। একমাত্র ইউরোপিয়ান দল হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর বিশ্বকাপ জয়েরও গর্বে ভাসে পশ্চিম জার্মানি। আর এই প্রথম একজন অধিনায়কের হাতে ছোঁয়া পেল নতুন বিশ্বকাপ ট্রফি।বেকেনবাওয়ারের জবানিতেফাইনালে এমনিতেই আপনি চাপে থাকবেন। আর আপনি যদি হন স্বাগতিক, তাহলে চাপটা থাকে দ্বিগুণ। কারণ, সবাই চাইবে আপনি জিতুন। ১৯৭২-এ মিউনিখ অলিম্পিকে হামলার পর ’৭৪ বিশ্বকাপে ক্রীড়া জগৎটাই তো ছিল অন্য ভুবনের কিছু। তখন থেকে খেলোয়াড়েরা আর আগের মতো মুক্ত থাকতে পারত না। এটা অবশ্যই ছিল মানসিক চাপের অনুষঙ্গ।তবে প্রথম দিকে আমরা চলাফেরায় ঢিলেঢালাই ছিলাম এবং এর কারণে পূর্ব জার্মানির কাছে হেরেও গেলাম। এটাই আমাদের জাগিয়ে দিল এবং আমরা একটা দল হিসেবে খেলতে শুরু করলাম।পূর্ব জার্মানির সঙ্গে ওই ম্যাচ নিয়ে আরও অনেক যুক্তি-তর্ক আছে এবং অবশ্যই সেটা বোনাসকেন্দ্রিক। এর আগের দুটি বিশ্বকাপে আমি অনেক অপ্রীতিকর ঘটনাই দেখেছি।ফাইনালে মুলার যখন ২-১ করে ফেলল, আমি কেমন যেন নিশ্চিত হয়ে গেলাম, আমরা লিডটা ধরে রাখতে পারব। নেদারল্যান্ড যে প্রথম মিনিটেই এগিয়ে গেল, এটাই সম্ভবত আমাদের জন্য ছিল মঙ্গল। মনে হয়, ওই গোলের পর তাদের আর আগের মতো মনোযোগ ছিল না ম্যাচে। এটাই আমাদের সুযোগ করে দেয় ম্যাচে ফেরার।এরপর এগিয়ে যাওয়াটা আমাদের জন্য ছিল একটা মনস্তাত্ত্বিক জয়। এরপর ইয়োহান ক্রুইফ বাজে আচরণের জন্য দেখল হলুদ কার্ড। আর আমার মনে হচ্ছিল, ডাচরা যে নার্ভাস হয়ে গেছে এসব তারই লক্ষণ। সুতরাং আমরা দ্বিতীয়ার্ধটা পার করে দিতে পারব।পল ব্রেইটনারের মনে হয়েছিল, ডাচরা শুরুতেই গোল করে একটু আত্মগর্বী হয়ে উঠেছে এবং অতি আত্মবিশ্বাসে ভুগছে। আমি ঠিক নিশ্চিত ছিলাম না। প্রথমে গোল করে তারা হয়তো ভেবেছিল সবকিছু তাদের পরিকল্পনা মতোই হচ্ছে এবং দিনটা তাদেরই হতে চলেছে। তবে ওই গোলের পর তাদের আর আগের মতো প্রত্যয়ী মনে হয়নি।পুরোনো জুলেরিমে ট্রফি চুরি গিয়েছিল এবং কখনো আর খুঁজে পাওয়া যায়নি। তাই ফিফাকে নতুন একটা ট্রফি বানাতেই হতো। আমরা জানতাম, যারা জিতবে, তারা একেবারেই আনকোরা একটা ট্রফি পাবে। ব্যাপারটা আমাদের কাছে ছিল সোনায় সোহাগা!পেলে ও বেকেনবাওয়ারের বিশ্বকাপ স্মৃতিচারণা বিদেশি পত্রিকা থেকে ভাষান্তর করেছেন আবিদুল ইসলাম