চুয়েটে রাতে চলাফেরায় কড়াকড়ি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা স্থানীয় এলাকাবাসীর আক্রোশের শিকার হতে পারেন এ আশঙ্কায় রাত ১১টার পর চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ক্যাম্পাসের বাইরে না থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সব আবাসিক হলের মূল ফটক রাত ১২টায় তালাবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজনে কেউ বাইরে গেলে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিতে হবে। চুয়েটের নিরাপত্তা শাখার কর্মকর্তা এস এম কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসের আশপাশের এলাকার নিরাপত্তাব্যবস্থার অবনতি হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পুরো ক্যাম্পাসের ওপর বিশেষ করে রাতের বেলা নজরদারি বাড়ানো হয়েছে।’চুয়েটের চতুর্থ বর্ষের চারজন শিক্ষার্থী ও তাঁদের বন্ু্লরা মিলে ২৫ জানুয়ারি সন্ধ্যায় ক্যাম্পাসের কাছের একটি পাহাড়ে রাত যাপনের উদ্যোগ নেন। এ কারণে তাঁরা পাহাড়ে তাঁবুও স্থাপন করেছিলেন। কিন্তু গভীর রাতে এলাকার শতাধিক লোক ডাকাত সন্দেহে তাঁদের ঘিরে ফেলে। পরে পরিচয় পেয়ে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে রাতে পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে সমঝোতা হয়।