চূড়ায় ওঁরা, পাদদেশে অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ মে। বেলা ১১টায় নেপালের ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছেই ধাক্কা খেলাম। যদিও শুনেছিলাম, নেপালে বন্ধ্ মানে হরতাল চলছে। ভেবেছিলাম, হরতালে অন্তত ট্যুরিস্ট বাস হলেও চলবে। কিন্তু তা-ও না দেখে বেশ দুশ্চিন্তায় পড়লাম। এই অবস্থা থেকে একই বিমানে ভ্রমণসঙ্গী একজন বাংলাদেশি এগিয়ে এলেন। তিনি বললেন, তাঁকে নেওয়ার জন্য তাঁর হোটেল থেকে গাড়ি পাঠানো হয়েছে। আমি চাইলে তাঁর গাড়ি আমাকে নেপালে বাংলাদেশ দূতাবাসে নামিয়ে দিতে পারবে। বিমানবন্দর থেকে মুঠোফোনের সিম কিনে বাংলাদেশ দূতাবাসে ফোন করলাম। পরে সেই বাংলাদেশি আমাকে দূতাবাসে পৌঁছে দেন। দূতাবাসে যাওয়ার পথে দেখলাম, দু-একটি হোটেলের ট্যুরিস্ট বাস ছাড়া কোনো যানবাহন রাস্তায় নেই। এমনকি খাওয়ার দোকানগুলোও বন্ধ। গাড়ির চালকের কাছে জানতে পারলাম, টানা চার দিন বন্ধ্ চলছে। আরও সপ্তাহ খানেক চলবে। বুঝলাম, ঝামেলার কেবল শুরু।এর পর থেকে গুনে গুনে ১৩ দিন নেপালের কাঠমান্ডুতে। দিনগুলো যেন আরেক অ্যাডভেঞ্চার। ১৯ মে বাংলাদেশের প্রথম নারী নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন, সঙ্গে ছিলেন এম এ মুহিত। প্রথম আলো থেকে সিদ্ধান্ত হলো প্রতিবেদক হিসেবে আমাকে পাঠানোর। ২০ মে সন্ধ্যায় জানানো হলো, কাল সকালে নেপাল যেতে হবে। সবকিছু গুছিয়ে পরদিন সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নেপালে পৌঁছেই এই অবস্থা। বাংলাদেশ দূতাবাস থেকে হোটেলের ব্যবস্থা করে দিল। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম তাঁর এক বন্ধুকে গাইড হিসেবে ঠিক করে দিলেন। নেপালের ১৩ দিনে দিল বাহাদুর ছেত্রী নামের এই মানুষটি কী অপরিসীম সাহায্য করেছেন, তা বলার অপেক্ষা রাখে না। রিকশা করে দূতাবাস থেকে হোটেলে গেলাম। ভাড়া এক হাজার ৫০০ রুপি। গিয়ে জানতে পারলাম, দিনের বেশির ভাগ সময় হোটেলে ইলেকট্রিসিটি থাকে না। আমার তো খবর পাঠাতে হবে! উপায়? তখন দিল বাহাদুর একটা উপায় বলে দিলেন। দিনের বেলায় তাঁর হোটেলের ছোট্ট লবিতে জেনারেটর চলে। এই সুবিধা আমি নিতে পারি। প্রস্তাবে রাজি হয়ে গেলাম। নামের মতোই দিল বাহাদুরের দিলও বেশ বড়।সেদিনই টেলিফোনে কথা হলো পেমবা দোরজে শেরপার সঙ্গে। তিনি নিশাতদের অভিযানের মূল শেরপা মিংমা গ্যালজে শেরপার ভাই। তিনিই জানালেন, নিশাত ও মুহিত ভালো আছেন। ২২ মে সকালে বেসক্যাম্পে পৌঁছালে মুঠোফোনের নেটওয়ার্ক পাবেন। তখন সরাসরি কথা বলা সম্ভব হবে। সেদিন এটুকু খবরই জানাতে পারলাম বাংলাদেশে।২২ মে সকাল থেকেই পেমবা দোরজে শেরপা ও আমার কাছে থাকা এম এ মুহিতের মুঠোফোনে চেষ্টা করে যাচ্ছি। সবার আগে খবর পাঠাতে হবে। যদি না পাই! এই ভাবনাকে বেশিক্ষণ মনে থাকতে দিলাম না। অনেকক্ষণ চেষ্টার পর পেমবা দর্জি ফোন ধরলেন। বললেন, নিশাতের সঙ্গে কথা বলতে হলে মিংমাকে ফোন দিতে হবে। মিংমার নম্বরটা দিলেন। একটু পর পর মিংমা গ্যালজে শেরপার মুঠোফোনে চেষ্টা। অবশেষে রিং বাজল। মিংমা জানালেন, একটু আগে তাঁরা এভারেস্টের বেসক্যাম্পে পৌঁছেছেন। পাঁচ মিনিট পরে ফোন দিলে নিশাত মজুমদারের সঙ্গে কথা বলা যাবে। যথাসময়ে ফোন দিলাম। প্রথমে ফোন ধরলেন এম এ মুহিত। তিনি নিশাত মজুমদারকে ফোনটা দিলেন। নিশাত জানালেন তাঁর এভারেস্ট জয়ের অনুভূতি। সব ঠিক থাকলে তাঁরা ২৪ বা ২৫ মে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেবেন। একে একে পুরোটা গল্প। অনলাইনে তৎক্ষণাৎ সংবাদ পাঠিয়ে এরপর মূল পত্রিকার জন্য লিখতে বসলাম। বাংলাদেশের বেশির ভাগ টিভি চ্যানেল, সংবাদপত্র, রেডিওসহ বিভিন্ন গণমাধ্যম থেকে একের পর এক টেলিফোন আসতে লাগল; নিশাতের সর্বশেষ সংবাদ জানতে। নিজের পত্রিকার দায়িত্বটুকু শেষ করে তাদেরও যথাসম্ভব সংবাদ দিয়ে সাহায্য করেছি। কেননা, এই জয়ের সংবাদ যে দেশের প্রতিটি মানুষ জানতে চায়। ততক্ষণে বুঝতে পেরেছি, প্রথম আলোই একমাত্র নেপালে প্রতিবেদক পাঠিয়েছে এই এভারেস্ট জয়ের সংবাদ সংগ্রহের জন্য। কয়েক দিন পর অবশ্য ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক মুনজুরুল করিম এসেছিলেন। আর নিশাত এবং এম এ মুহিত কাঠমান্ডুতে আসার পর মুহিতের বোন ঢাকা থেকে গিয়েছিলেন যিনি ইত্তেফাক-এ কর্মরত। আবহাওয়ার কারণে লুকলায় বিমান চলাচল বিঘ্নিত। শুরু হলো অপেক্ষার পালা। এদিকে বারবার নিশাত মজুমদারের এভারেস্ট বিজয়ের ছবি পাঠানোর কথা বললে, তাঁরা বলেন, বেসক্যাম্প থেকে পাঠানোর কোনো ব্যবস্থা নেই। তবে সবার আগে ছবি প্রথম আলোকেই দেবেন। কথামতো ২৫ মে লুকলা পৌঁছে নিশাতের এভারেস্ট জয়ের ছবি আমার ই-মেইলে মুহিত পাঠিয়ে দেন। এর মধ্যে প্রথম আলোর জন্য সর্বশেষ সংবাদ পাঠাচ্ছি। বাংলাদেশ থেকে যখন যে সাংবাদিক ফোন করছেন তাঁদেরও সংবাদ দিয়ে চলেছি। সময়ের সঙ্গে দৌড়ে চলতে হচ্ছে।পরদিন সকালে মানে ২৬ মে ওয়াসফিয়া নাজরীন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন। অপেক্ষার পথটা আরেকটু যেন দীর্ঘ হলো। একজনের জন্য এসে দুজনের সংবাদ পাঠাতে হবে। নিজেকে সৌভাগ্যবান মনে হলো। এর মধ্যে ওয়াসফিয়া নাজরীনের মুখপাত্র নবীন ত্রিতাল জানালেন, ২৮ মে তিনি বেসক্যাম্পে আসবেন। এদিকে নিশাতেরা তখনো লুকলায় আটকা। ২৭ মে দুপুরে মুহিত জানালেন, একটু পরে তাঁরা রওনা দেবেন। বাংলাদেশ দূতাবাসের সবাই, আমি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক গিয়ে অপেক্ষা করলাম। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর খবর এল অর্ধেক রাস্তা থেকে হেলিকপ্টার ফেরত গেছে। আজ আর আসবেন না তাঁরা। ২৮ মে ওয়াসফিয়া নাজরীনের সঙ্গে ফোনে কথা হলো। এর পরের কয়েকটা দিন কাজ দাঁড়াল একবার নিশাত মজুমদারের, আরেকবার ওয়াসফিয়া নাজরীনের সংবাদ নেওয়া। কবে তাঁরা আসবেন?৩১ মে। আগের দিনের কথামতো সকাল আটটা থেকে সবার অপেক্ষা নিশাত ও মুহিতের জন্য। অবশেষে সকাল ১০টায় বিশেষ ব্যবস্থায় হেলিকপ্টারে করে তাঁরা এলেন। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারীকে বরণ করতে হাজির হলাম বিমানবন্দরে। তৎক্ষণাৎ ছবি ও লেখা পাঠানো হলো ঢাকায়। অন্যদিকে ওয়াসফিয়া কাঠমান্ডু আসেন ৩ জুন। সেদিন তাঁকে বরণ করে গাড়িতে হোটেলে ফেরার পথে সাক্ষাৎকারটা সেরে ফেললাম। নিশাত মজুমদারের ছবি তোলার জন্য নেপালের স্থানীয় আলোকচিত্রী ঠিক করা হয়েছিল। কিন্তু ওয়াসফিয়া নাজরীনের ছবি তুলবে কে? ব্যক্তিগত কাজ থাকায় সেদিন সেই আলোকচিত্রী আসতে পারবেন না জানিয়ে দিলেন। অগত্যা আনাড়ি হাতে ক্যামেরা নিয়ে ওয়াসফিয়া নাজরীনের ছবিও তুলে ফেললাম। সেই ছবি অনলাইন ও পত্রিকায় প্রকাশিতও হলো। এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের দুই নারীর এভারেস্ট জয় ! দেশের মানুষের জন্য তো বটেই, নারীদের জন্য বিরাট উদাহরণ, অনুপ্রেরণা। আর প্রথম আলোতে তাঁদের খবর পাঠানোর জন্য টানা ১৩ দিন নেপালে থাকা, এ অভিজ্ঞতার আনন্দও কম কিসে!