চে’র মৃত্যুবার্ষিকী যেভাবে চুপি চুপি পালিত হয়, আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনগুলো বোঝার জন্য এর চেয়ে ভালো আর কোনো উদাহরণ হতে পারে না। অন্য কোনো ঘটনায় এ পরিবর্তন এত স্পষ্টভাবে কখনই প্রতিফলিত হবে না, অন্তত আমার কাছে। তাঁকে হত্যা করা হয় ১৯৬৭ সালের ৯ অক্টোবর, আজ থেকে ২৫ বছর আগে (প্রবন্ধটি ১৯৯২ সালে লিখিত), বলিভিয়ার পূর্ব দিকের এক অজপাড়াগাঁয়ে। উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তার নির্দেশে দারুণ ভয় পাওয়া এক সার্জেন্ট ঘৃণ্য এ কাজটি করেন।লম্বা চুল, ওপরে নীল গোলকার চ্যাপ্টা টুপি, কাঁধে মেশিনগান আর হাতের আঙুলে ধরা চুরুট—কিংবদন্তি কমান্দান্তের এই ইমেজ সারা পৃথিবী ঘুরে বেড়ানো। ষাটের দশকে তিনি পরিণত হন ছাত্র প্রতিরোধ আন্দোলনের প্রতীকে। অথচ প্রগতিবাদের নব অনুপ্রেরণা এবং পাঁচ মহাদেশের তরুণদের কাছে বিপ্লবী আকাঙ্ক্ষার সমার্থক চে এখন প্রায় আধেক-ভুলে যাওয়া এক ব্যক্তিত্ব, যিনি কাউকেই আর আগের মতো অনুপ্রেরণা বা উৎসাহ জোগান না, যার মতাদর্শগুলো বইয়ের পাতায় নিষ্প্রাণ পড়ে আছে। সেসব বইয়ের আজ আর তেমন পাঠকও নেই। সমকালীন ইতিহাসের আড়ালে চে এতটাই ঝাপসা হয়ে গেছেন যে তাঁর অবস্থা সেই সব তৃতীয় বা চতুর্থ শ্রেণীর ঐতিহাসিক মমির মতো, যেগুলো ভুল করে পিরামিডের কোনো অজানা কোনায় অবহেলায় পড়ে থাকে।গত ২৫ বছরের সামাজিক ও রাজনৈতিক ঘটনাগুলোর যে ভবিষ্যদ্বাণী তিনি করে গিয়েছিলেন, তার কোনো কিছুই বাস্তব রূপ নেয়নি। সময় সবকিছুকে মিথ্যা বানিয়ে বসে আছে এবং মনুষ্যত্বকে এমন এক পথে ঠেলে দিয়েছে এখন, চে যা চেয়েছিলেন তার একেবারেই বিপরীত। এখন কেবল সমাজতন্ত্রের বুর্জোয়া গণতান্ত্রিক নমুনা টিকে আছে। যে সমাজতন্ত্র চে সমর্থন করেছিলেন পৃথিবীর বুক থেকে, সেটা নিশ্চিহ্ন হয়ে গেছে কিছু মানুষের কল্যাণে, কিন্তু চে’র সেই সমাজতন্ত্র নিশ্চিহ্ন হওয়ার পরিণাম এখনো ভোগ করছে মানুষ। যেমন রাশিয়া বা মধ্য ইউরোপে, কিংবা গণপ্রজাতন্ত্রী চীনে সমাজতন্ত্র মূল জায়গা থেকে সরে গিয়ে অদ্ভুত এক সংকর রূপ ধারণ করেছে। চীনের কমিউনিস্ট পার্টি তাদের তৈরি অভিনব এক মার্কসবাদ-লেনিনবাদের আদর্শ গড়ে দেশকে বাজার পুঁজিবাদের দিকে এগিয়ে দিয়েছে সফলভাবে। লাতিন আমেরিকা ও আফ্রিকার গুটিকয়েক বিপ্লবী সংগঠন মরে গেছে আর যেগুলো টিকে আছে, সেগুলোও অস্তিত্ব রক্ষা করছে শান্তির স্বপক্ষে আপস-আলোচনা করে, রাজনৈতিক দল গঠন করে, নয়তো মুখে মুখে অন্তত সম্মতি জানাচ্ছে বহুদলীয় ব্যবস্থায় বিরোধীদের সঙ্গে সহাবস্থানের। এটা সত্য যে উদারনৈতিক গণতন্ত্র বিশ্বব্যাপী ছড়ায়নি। কিন্তু এটা অস্বীকার করা খুব কঠিন হবে যে আজ এর প্রভাব সর্বত্র বাড়ছে দিনে দিনে, প্রতিটি মহাদেশে অসংখ্য সমর্থক তৈরি হচ্ছে, অবাধ স্বাধীনতার দর্শনে নব্য দীক্ষিত হুজুগেরাও ঢালাভাবে গুণকীর্তন করছে। গণতন্ত্রের সঙ্গে রাজনৈতিক বিকল্প হিসেবে এখন আর প্রতিযোগিতায় নেই সমাজতন্ত্র। যার জন্য চে বলিভিয়ায় লড়াই করতে গিয়েছিলেন গুটিকয়েক কিউবান কমরেডকে সঙ্গে নিয়ে। গণতন্ত্রের বিকল্প শক্তি এখন মৌলবাদ এবং উদার সমাজব্যবস্থায় পুনরাবির্ভূত হওয়া বিষফোঁড়ার মতো সেকেলে ফ্যাসিস্ট গোষ্ঠীগুলো।গেরিলা চরিত্রটি তার আগেকার রোমান্টিক মহত্ত্ব হারিয়ে ফেলেছে। বাতাসে ওড়া দাড়ি আর একগোছা চুল এখন আর সেই আদর্শের প্রতিরূপ নয়, যাকে ২০ বছর আগে এক মুক্তমনা আদর্শবাদী হিসেবে মনে হয়েছিল। আমরা এখন দেখতে পাই, সন্ত্রাসীর উগ্র উন্মাদনাময় এবং কাপুরুষোচিত সিলুয়েট আঁধারে দাঁড়িয়ে অপেক্ষায় আছে বোমা মেরে গাড়ি উড়িয়ে দিয়ে নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য। ‘দু-তিনটা ভিয়েতনাম’, শুরু করাটা অনেকের কাছেই মনে হয় আজ একটি সংরক্ত স্লোগান মাত্র, শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে দুর্দশাগ্রস্ত মনুষ্যত্বকে আর গতিশীল করার মন্ত্র নয়। এখন সবকিছইু সত্যিই মনে হয় যেন এক কঠিন মনোবিকারগ্রস্ত এবং রহস্য উন্মোচক আবোল-তাবোল পাগলামি, বিশ্বের দরিদ্ররা যে কষ্ট, বেদনা, দুর্দশা ভোগ করেছে, তার তুলনায় আরও বেশি ক্ষুধা ও সন্ত্রাসের দিকে চলে যাবে বিশ্ব।যে নির্বিরোধী এবং নায়কোচিত অগ্রবাহিনী তাঁদের কর্মকাণ্ডের মাধ্যমে বিপ্লবের শর্ত তৈরি করবে বলে কথা ছিল, তাঁরা চে’র তত্ত্বমাফিক কোথাও কাজ করেননি এবং পরিণামে লাতিন আমেরিকায়, হাজার হাজার তরুণ যারা এটাকে গ্রহণ করেছে এবং হাতে-কলমে করে দেখানোর চেষ্টা করেছে, তারা নিজেদের জীবন আত্মাহুতি দিয়েছে মর্মান্তিকভাবে আর নিজেদের দেশের দুয়ার মুক্ত করে দিয়েছে সামরিক স্বৈরাচারদের জন্য। চে’র উদাহরণ ও মতাদর্শ গণতান্ত্রিক সংস্কৃতির ভিত দুর্বল করে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পুঁতে দিয়েছে ট্রেড ইউনিয়নের বীজ এবং সত্যিকারের সামাজিক ন্যায়বিচারের সঙ্গে তৃতীয় বিশ্বের রাজনৈতিক দলগুলোতে নির্বাচন, বহুত্ববাদ, আনুষ্ঠানিক স্বাধীনতা, সহিষ্ণুতা এবং মানব অধিকারের প্রতি ঘৃণা। এ কারণে আমি মনে করি, অন্তত দুই যুগ দেরি হয়েছে লাতিন আমেরিকার রাজনৈতিক আধুনিকায়ন হতে।স্প্যানিশ থেকে অনুবাদ করেছেন: রফিক-উম-মুনীর চৌধুরী[২০১০ সালে সাহিত্যে নোবেল বিজয়ী মারিও বার্গাস য়োসার জন্ম ২৮ মার্চ, ১৯৩৬ পেরুতে। লাতিন আমেরিকার অগ্রগণ্য সাহিত্যিকদের একজন। বন্ধু নোবেলজয়ী লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ও কার্লোস ফুয়েন্তেসের সঙ্গে প্রায় একই সময়ে সাহিত্যজগতে প্রবেশ। রাজনৈতিক মতাদর্শেও ছিলেন সমমনা—তিনজনই সমাজতন্ত্রের সমর্থক। কিন্তু মারিও শুরুতে কিউবার ফিদেল কাস্ত্রোর সমর্থক থাকলেও পরে সরে যেতে থাকেন বামপন্থা থেকে ক্রমশ ডানের দিকে—সেন্টার রাইট ফ্রিদেমো কোয়ালিশনের হয়ে ১৯৯০ সালে প্রেসিডেন্ট নির্বাচন করেন ও পরাজিত হন।]