চেতনা আছে, জটিলতা কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের চেতনা আছে, কিন্তু অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা কাটেনি। এতে ক্যানসারের চিকিৎসায় শারীরিক অবস্থায় তেমন কোনো উন্নতি হয়নি। দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বক্তব্যের বরাত দিয়ে আজ বুধবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়। লাতিন আমেরিকার স্যাটেলাইট নেটওয়ার্ক টেলিসুরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।ভাইস প্রেসিডেন্টের এ ঘোষণার পর গতকাল দেশটিতে নববর্ষের উৎসব বাতিল করা হয়। গতকাল রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট ভবনে চাভেজের রোগমুক্তি কামনা করে প্রার্থনা করেন মন্ত্রিপরিষদের সদস্যরা।মাদুরো বলেন, ‘ঈশ্বর ও চিকিৎসকদের ওপর আমাদের আস্থা আছে। আমরা জানি, চাভেজের শারীরিক অবস্থার উন্নতি হবে। এখন তিনি যে জটিল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, তা আজ হোক কাল হোক, তিনি অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা থেকে বেরিয়ে আসবেন।’চাভেজের মৃত্যুর গুঞ্জন নাকচ করে মাদুরো জানান, গত শনিবার কিউবায় পৌঁছানোর পর তিনি দুবার হাসপাতালে চাভেজের সঙ্গে দেখা করেছেন। চাভেজের মৃত্যুর খবর প্রকাশ করেছে যেসব গণমাধ্যম, সেগুলোকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে আখ্যায়িত করেছেন মাদুরো।১৯৯৯ সাল থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের ক্ষমতায় থাকা হুগো চাভেজ গত বছরের অক্টোবর মাসে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। চলতি মাসের ১০ তারিখ তাঁর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা। অস্ত্রোপচার-পরবর্তী জটিলতার কারণে চাভেজ শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।