চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় একজনের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়ে পড়েছে একই পরিবারের আরও দুজন। নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শনিবার মধ্যরাতে একদল চোর সিঁদ কেটে ঘরে ঢুকে বাড়ির গৃহকর্তা আজিজুর রহমান (৭০), তাঁর ছেলে মনির হোসেন (৩৫) এবং ছেলের বউ খাদিজা আক্তারকে (২৫) ঘুমের মধ্যে চেতনানাশক ওষুধ শুঁকিয়ে অচেতন করে ফেলে। এরপর আলমারি থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেটসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায় তারা।রোববার সকালে প্রতিবেশীরা বৃদ্ধ আজিজুর রহমানকে মৃত এবং মনির ও খাদিজাকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে অসুস্থ দম্পতিকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। এলাকাবাসী জানায়, অতিরিক্ত চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলো অনলাইনকে জানান, সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃতের ছেলে বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা হয়েছে।