চেতনানাশক নেই, পিটিয়ে মারতে হলো বাঘটিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগের কাছে চেতনানাশক ইনজেকশন না থাকায় একটি বাঘের প্রাণ রক্ষা করা সম্ভব হলো না। লোকালয়ে আসার সাড়ে ১৩ ঘণ্টার মাথায় জনতা বাঘটি পিটিয়ে হত্যা করেছে। সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদচণ্ডীপুর গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।এ নিয়ে গত ১১ বছরে সুন্দরবনসংলগ্ন শ্যামনগরের গ্রামে সাতটি বাঘকে প্রাণ দিতে হলো। এর মধ্যে ছয়টি বাঘকে গ্রামবাসী পিটিয়ে হত্যা করে, অপরটি মারা হয় গুলি করে। ২০০৬ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) হিসাবে সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪২টি। ব্রিটিশ জিওলজিক্যাল সোসাইটির হিসাবে বাঘের সংখ্যা ২৫০। অন্যান্য বেসরকারি হিসাবে ২৫০টি থেকে ৩৫০টি বাঘ সুন্দরবনে আছে।শ্যামনগর উপজেলার আবাদচণ্ডীপুর গ্রামের তাপস হালদার, শওকাত হোসেন, আবদুল্লাহ গাইনসহ কয়েকজন জানান, গতকাল ভোর পাঁচটার দিকে বাঘটিকে (রয়েল বেঙ্গল টাইগার) গ্রামের একটি টমেটো খেতে দেখতে পান এক ব্যক্তি। এ খবর দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর বাঘটি গ্রামের হযরত আলী মোল্লার বাড়িতে গিয়ে দুটি ছাগল খেয়ে ফেলে। পরে বাঘটি খোরশেদ মির্জার বাড়িতে পৌঁছে আরও দুটি ছাগল খেয়ে ফেলে। একপর্যায়ে স্থানীয় মানুষের তাড়া খেয়ে বাঘটি খোরশেদ মির্জার ঘরের চালে আশ্রয় নেয়। বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে সকাল থেকে ওই বাড়ির চারদিকে জড়ো হতে শুরু করে। সকাল আটটার দিকে ওই এলাকায় কয়েক হাজার লোক জড়ো হয়। এ সময় অনেকে বাঘটিকে হত্যা করতে উদ্যত হয়। সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় সাংসদ গোলাম রেজা ঘটনাস্থলে এসে বাঘটিকে হত্যা না করতে গ্রামবাসীর প্রতি অনুরোধ জানান। একপর্যায়ে বাঘটি চাল থেকে নেমে ওই ঘরের মধ্যে আশ্রয় নেয়।বেলা ১১টার দিকে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অবনীমোহন ঠাকুর ও টাইগার প্রজেক্টের বিভাগীয় বন কর্মকর্তা ইয়াসিন নেওয়াজ দুটি ট্রাঙ্কুুলাইজার গান ও টাইগার দলের পাঁচ সদস্য নিয়ে ঘটনাস্থলে আসেন। তাঁরা জানান, তাঁদের কাছে চেতনানাশক যে ইনজেকশন রয়েছে তা মেয়াদোত্তীর্ণ। এ কথা শোনার পর গ্রামবাসী উত্তেজিত হয়ে ইট ও মাটির ঢিল ছুড়তে শুরু করে। পুলিশ ও বিডিআর সদস্যরা তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেন।এ সময় সাংসদ গোলাম রেজা জানান, বাঘটিকে রক্ষা করার জন্য বন মন্ত্রণালয়ের সচিব ও ওয়ার্ল্ড লাইফ প্রজেক্টের (বন্য প্রাণী) বন সংরক্ষকের সঙ্গেও কথা হয়েছে। তাঁদের অনুরোধ করা হয়েছে, ইনজেকশন ও বাঘ আটক দলকে দ্রুত হেলিকপ্টারে করে সাতক্ষীরায় পাঠাতে। কিন্তু বন সংরক্ষক তাঁকে বলেছেন, হেলিকপ্টারে করে পাঠানোর মতো বাজেট তাঁর নেই। সচিবের কাছ থেকেও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সাংসদ বলেন, বাঘটিকে যদি গ্রামবাসী হত্যা করে, তার দায়দায়িত্ব বন বিভাগের; আবার ওই বাঘটি যদি মানুষ হত্যা করে, তার দায়ও বন বিভাগের। বন বিভাগের লোকজনের কাছে কোনো ইনজেকশন কেন নেই, তার তদন্ত দাবি করেন তিনি।বেলা তিনটার দিকে গ্রামবাসী আবার বাঘটিকে হত্যার চেষ্টা চালায়। এ সময় সাংসদ মাইকে গ্রামবাসীকে ধৈর্য ধারণের অনুরোধ করলে গ্রামবাসী সাংসদ ও কর্মকর্তাদের লক্ষ্য করে ইট ও মাটির ঢিল ছোড়ে। ঢিলের আঘাতে সাংসদ সামান্য আহত হন। ক্ষুব্ধ গ্রামবাসীকে থামাতে পুলিশ টিয়ার গ্যাসের দুটি শেল নিক্ষেপ করে। বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলে অতিরিক্ত বিডিআর সদস্য এসে জনতাকে দূরে সরিয়ে দেন।বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য আতিয়ার রহমান গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, বন বিভাগ দিনভর কোনো ব্যবস্থা নিতে না পারায় বাধ্য হয়ে গ্রামবাসী পিটিয়ে বাঘটিকে হত্যা করেছে।বিভাগীয় বন কর্মকর্তা অবনীমোহন ঠাকুর গতকাল বিকেলে জানান, বাঘ আটক করার মতো বিশেষজ্ঞ খুলনায় নেই। টাইগার দলের যেসব সদস্য ঘটনাস্থলে এসেছেন, তাঁরা ঝুঁকি নিতে সাহস করছেন না। এ ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর ঢাকা থেকে একটি দল দুপুরে সাতক্ষীরার উদ্দেশে রওনা হয়েছে।জীববৈচিত্র্য নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থা বারসিকের সমন্বয়ক শাহিন হোসেন জানান, ইউনেস্কো ২০১০ সালকে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য বর্ষ ঘোষণা করেছে। ২১ ও ২২ জানুয়ারি তা পালিত হয়েছে। বাংলাদেশ ওই সনদে স্বাক্ষরকারী দেশ। তাই সুন্দরবনের বাঘ কোনো অবস্থাতেই হত্যা করা যাবে না। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রাজেশ চাকমা জানান, গ্রামবাসী সন্ধ্যার পরপরই বাঘটি পিটিয়ে হত্যা করেছে। বাঘটির মৃতদেহ বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে নেওয়া হয়েছে। শনিবার (আজ) ময়নাতদন্ত শেষে চামড়া ছাড়িয়ে কলাগাছী টহল ফাঁড়ি এলাকায় মৃত বাঘটি পুঁতে ফেলা হবে।