চেন: যাঁর আলোহীন চোখ খুলে দিল সবার চোখ
ছেলে হোক মেয়ে হোক, তুষ্ট থাকতে হবে এক সন্তানেই। চীনা সরকারের এই এক সন্তান নীতি বাস্তবায়নে শানদং প্রদেশে শুরু হলো নারীদের গর্ভপাতে বাধ্য করা। কিন্তু তা সমীচীন বলে মনে করেননি চেন গুয়াংচেং নামের প্রথাবিরোধী এক ব্যক্তি। আলোহীন চোখেও তিনি দেখতে পেলেন গর্ভপাতের বিষয়ে সবাই চোখ বুঁজে আছে। এ ব্যাপারে নাড়া দিলেন তিনি। গড়ে তুললেন জোরাল আন্দোলন। নাম লেখালেন ইতিহাসে।চীনে ভিন্ন মতাবলম্বী চেন গুয়াংচেং ‘নগ্নপদ আইনজীবী’ বলে পরিচিত। গর্ভপাতের বিরুদ্ধে আন্দোলনে নেমে এ ব্যাপারে জনমত গড়ে তুলতে গিয়ে কর্তৃপক্ষের রোষানলে পড়েন তিনি। তাঁর ওপর নির্যাতন চালানো হয়। এ সময় তাঁর দিকে বন্ধুত্বের হাত বাড়ায় যুক্তরাষ্ট্র। এই বন্ধুত্বের টানেই তাঁর ঠাঁই হয়েছে সে দেশে। শানদংয়ের একটি ছোট্ট গ্রামে ১৯৭১ সালের ১২ নভেম্বর চেনের জন্ম। শৈশবেই জ্বর কেড়ে নেয় তাঁর দৃষ্টি। ২৩ বছর বয়স পর্যন্ত নিরক্ষর থাকতে হয় চেনকে। এরপর পড়াশোনার সুযোগ মেলে। ১৯৯৮ সালে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য পরিচালিত একটি স্কুল থেকে চেন স্নাতক পাস করেন। চেন বরাবর আইন পেশায় উত্সাহী ছিলেন। ভাইকে তাই আইনের বই পড়ে শোনাতে আবদার করতেন চেন। তবে যতই উত্সাহ থাক, এখানেও বাদ সাধে দেখতে না পাওয়ার বিড়ম্বনা। চায়নিজ মেডিসিনের নানজিং ইউনিভার্সিটিতে আকুপাংচার নিয়ে পড়েন চেন। এরপর চীনের ইয়ানিন প্রদেশে একটি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ শুরু করেন।২০০৫ সালে শানদংয়ের লিনি নামের একটি গ্রামে জোর করে সরকার গর্ভপাত ঘটাচ্ছে বলে শুনতে পান চেন। চীনা সরকারের ‘এক সন্তান নীতি’ বাস্তবায়ন করতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছিল। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেন এলাকাবাসী। এর মূলে ছিলেন চেন। সরকার এর শাস্তি হিসেবে ২০০৫ সালের ১২ আগস্ট চেন ও তাঁর পরিবারের সদস্যদের গৃহবন্দী করে। মানবাধিকার সংস্থা জানায়, চেন ও তাঁর পরিবারের নজরদারির জন্য ৩০০ পুলিশ মোতায়েন করা হয়। এ সময় চেনের সমর্থকেরা তাঁর মুক্তির দাবিতে অনলাইনে প্রচারণা চালাতে শুরু করেন। চেনের আন্দোলনের মুখে ন্যাশনাল পপুলেশন অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং কমিশন গর্ভপাত ঘটানোর ব্যাপারে তদন্ত শুরু করে। তারা এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বরখাস্ত করা হয়েছে বলে দাবি করে। ২০০৬ সালের আগস্ট মাসে চেনের বিরুদ্ধে ট্রাফিক-ব্যবস্থায় বিপর্যয় ঘটানো ও সম্পদের ক্ষতি করার অভিযোগ আনা হয়। তাঁকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১০ সালে মুক্তি পান চেন। ওই বছরের সেপ্টেম্বরে আবার তাঁকে গৃহবন্দী করা হয়। এ সময় চেনের কাছ থেকে একটি গোপন ভিডিও উদ্ধার করা হয়। ভিডিওতে গৃহবন্দী থাকাকালে চেন ও তাঁর স্ত্রীর ওপর নির্যাতনের ঘটনাগুলো ধারণ করা ছিল। ভিডিওটি চেন চীনের বাইরে পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে। এই ভিডিও পাওয়ার পর চেন ও তাঁর স্ত্রীর ওপরে আরেক দফা নির্যাতন চলে। ২০১২ সালের ২২ এপ্রিল সবার চোখ এড়িয়ে চেন চীনের রাজধানী বেইজিংয়ের মার্কিন দূতাবাসে আশ্রয় নেন। প্রথম দিকে মার্কিন দূতাবাসের কেউ অবশ্য বিষয়টি স্বীকার করেননি। এপ্রিল মাসে চেন যুক্তরাষ্ট্রের কাছে একটি ভিডিও হস্তান্তর করেন। সেখানে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের উদ্দেশে চেনকে বলতে দেখা গেছে, যাঁরা তাঁকে ও তাঁর স্ত্রীকে আটক ও মারধর করেছেন, তাঁদের বিরুদ্ধে সরকারকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। গত শনিবার চীনের ভিন্ন মতাবলম্বী চেন গুয়াংচেং সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সেখানে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে তিনি উচ্চশিক্ষা নেবেন। যুক্তরাষ্ট্রে চেনের এই অবস্থানকে কেন্দ্র করে চীনের সঙ্গে দেশটির সম্পর্কের টানাপোড়েন বা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আরও বড় ধরনের কোনো প্রভাব পড়বে কি না, সেটিই এখন দেখার বিষয়।