কলম্বোতে মাঠের অভাব নেই। বাংলাদেশের মতো শুধুই একটা ঘরসর্বস্ব ক্লাব নয়, এখানে ক্লাব মানেই সামনে একটা মাঠও বর্তমান। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলো তাই নিশ্চিন্তে একেক দিন একেক ক্লাবের মাঠে অনুশীলন করেছে। কাল বিকেলে পাকিস্তান যেমন সেমিফাইনালের প্রস্তুতি সারল পি সারাভানামুত্তু ওভালে (প্রাসঙ্গিক তথ্য: এশিয়ায় এই একটাই মাঠ, যেখানে স্যার ডন ব্র্যাডম্যানের পদধূলি পড়েছে)।শ্রীলঙ্কা সাতসকালে প্রেমাদাসা স্টেডিয়ামে। অনুশীলনটা নাকি কোল্টস্ ক্রিকেট ক্লাব মাঠে হওয়ার কথা ছিল। শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্টের অনুরোধে সেটি পরিবর্তন করা হয়েছে। মাহেলা জয়াবর্ধনেদের যে প্রেমাদাসার সঙ্গে জানাশোনাটা একটু ঝালিয়ে নেওয়ার ব্যাপার ছিল।কেন, প্রেমাদাসা কি তাদের অচেনা নাকি! তা নয়। কিন্তু পরিচয়টা ঝালিয়ে নেওয়ার একটা ব্যাপার থেকেই যায়। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা যেন স্বাগতিক হয়েও স্বাগতিক নয়! কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কাজটা যে তাদেরই বেশি করতে হচ্ছে। প্রথম পর্ব খেলেছে হাম্বানটোটার গতিময় উইকেটে। সুপার এইটে পাল্লেকেলেতে তার চেয়ে একটু কম গতির ব্যাটিং উইকেটে। সেখান থেকে প্রেমাদাসায়। কয়েক দিন ধরে যেখানে স্পিনরাজ চলছে।সেমিফাইনালের চার দলের মধ্যে একমাত্র শ্রীলঙ্কাই এই টুর্নামেন্টে এখনো প্রেমাদাসায় খেলেনি। কলম্বোতে ফিরতে পেরে জয়াবর্ধনে খুব খুশি বলে জানাচ্ছেন, তবে ওই রেকর্ডটা তাঁর মনে নিশ্চয়ই একটু অস্বস্তিও জাগাচ্ছে। এই প্রেমাদাসায় ৪টি টি-টোয়েন্টি খেলে শ্রীলঙ্কার কোনো জয় নেই। চার পরাজয়ের একটি আবার আজকের সেমিফাইনাল প্রতিপক্ষের কাছেই।শ্রীলঙ্কা তো তা-ও দেশেই খেলছে। পাকিস্তানের জন্য তো সব ‘মাঠ’ই দেশ, সব মাঠই বিদেশ। ‘হোম গ্রাউন্ড’ ‘হোম ক্রাউড’—এ শব্দগুলোর অর্থই এই পাকিস্তান দলের অনেকের জানা নেই। সেমিফাইনালে শ্রীলঙ্কান গ্যালারি কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, এ প্রশ্নে হাফিজের কণ্ঠ তাই খুব করুণ শোনায়, ‘নিজেদের মাঠ, নিজেদের দর্শক এসব সুবিধা তো আমাদের অনেক দিনই নেই। তিন বছর ধরে দেশের বাইরেই খেলে যাচ্ছি। আমরা তাই এতে অভ্যস্ত হয়ে গেছি।’অন্য দেশের ক্রিকেটাররা সফরে যান, সফর থেকে ফিরে দেশে খেলেন। আর পাকিস্তানি ক্রিকেটারদের জন্য খেলা মানেই ‘সফর’। আত্মীয়পরিজন, বন্ধুবান্ধবের সাহচর্যবিহীন দীর্ঘ দিবস দীর্ঘ রজনী। এই প্রতিকূলতা জয় করেও যে পাকিস্তান দারুণ পারফর্ম করে যাচ্ছে, সেটি হাফিজের মনে করিয়ে দেওয়াটাই স্বাভাবিক।আইসিসি টুর্নামেন্টে তো পাকিস্তানের অবিশ্বাস্য ধারাবাহিকতা। যেখানে আজকের ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কাই শুধু প্রতিদ্বন্দ্বী হতে পারে। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ওই ভরাডুবি ও বিয়োগান্ত ঘটনার পর আইসিসি টুর্নামেন্টে এটি পাকিস্তানের টানা ষষ্ঠ সেমিফাইনাল। শ্রীলঙ্কার গত ছয় টুর্নামেন্টে পঞ্চম। দুঃখে আবার শ্রীলঙ্কা এগিয়ে। ৫০ ওভার আর ২০ ওভারের বিশ্বকাপ মিলিয়ে গত পাঁচটি টুর্নামেন্টের তিনটিরই ফাইনাল খেলেছে, কিন্তু বিশ্বকাপ জয়ের স্মৃতি রোমন্থনের জন্য এখনো সেই রানাতুঙ্গা-ডি সিলভারাই সম্বল। আইসিসি টুর্নামেন্টে ধারাবাহিকতায় মিল আছে। তবে দুই দলের ‘ডিএনএ’ পুরো ভিন্ন। বড় টুর্নামেন্ট এলেই শ্রীলঙ্কা যেখানে সমর্থকদের ধারাবাহিকতার একটা আশ্বাসবাণী শোনায়, পাকিস্তানের যাত্রা যেন অনিশ্চয়তার ভেলায়। এই বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দুই ম্যাচেই যেমন দেখা দিল দুই পাকিস্তান! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাই বা ভুলে যাচ্ছেন কেন! অপমানিত এক ফাস্ট বোলার যেভাবে ব্যাটসম্যান হয়ে ম্যাচ জিতিয়ে দিলেন, দুটি সুপার ওভার ছাপিয়েও সেটিই সম্ভবত এই বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর গল্প। পাকিস্তানের ম্যাচে তাই সব সময়ই বড় প্রশ্ন—আজ মাঠে নামবে কোন পাকিস্তান!এই সেমিফাইনালটাকে ‘স্পিনের লড়াই’ বলে আখ্যায়িত করার একটা ঝোঁক হতেই পারে। প্রেমাদাসার উইকেট, সঙ্গে দুই দলেই দারুণ সব স্পিনার। যাঁদের মধ্যে ‘রহস্য স্পিনার’ জাতীয় প্রজাতিও আছেন। কোন বলটার কোন মতিগতি—অজন্তা মেন্ডিস যেমন এ নিয়ে ব্যাটসম্যানদের রহস্যের জালে জড়াতে পারেন, পারেন সাঈদ আজমলও। মাহেলা জয়াবর্ধনে অবশ্য আজমলকে ‘মিস্ট্রি স্পিনার’ বলাতে হেসে ফেললেন, ‘৫-৬ বছর ধরে ওকে খেলছি। এখনো কি আর মিস্ট্রি-টিস্ট্রি কিছু অবশিষ্ট আছে নাকি?’ সঙ্গে রণদুন্দুভি বাজিয়ে দিলেন, ‘আমরা কিন্তু স্পিনটা ভালোই খেলি।’ঘণ্টা দুয়েক পর সংবাদ সম্মেলনে মোহাম্মদ হাফিজও তা স্বীকার করলেন। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বিপক্ষে যেভাবে স্পিন লেলিয়ে দিয়েছিলেন, সেই সম্ভাবনা তাই আজ খুবই কম। উপমহাদেশের দুই দল। ব্যাটসম্যানের জার্সির রং যা-ই হোক—সবুজ বা নীল—এ ধরনের উইকেটে নানা জাতের স্পিনার খেলে তাঁরা অভ্যস্তই। হাফিজ তাই বারবার মনে করিয়ে দিলেন, শ্রীলঙ্কান বোলিং আক্রমণ শুধুই স্পিনসর্বস্ব নয়, মালিঙ্গা-কুলাসেকারার মতো পেসারও আছেন তাতে। জয়াবর্ধনেকে শ্রীলঙ্কান এক সাংবাদিক মনে করিয়ে দিলেন সোহেল তানভিরের কথা। কিছুদিন আগে দ্বিপাক্ষিক সিরিজে যিনি শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের বড় যন্ত্রণা দিয়ে গেছেন। ‘আগে তো তানভির খেলুক’ বলে জয়াবর্ধনে প্রসঙ্গটা এড়িয়ে গেলেন। তবে পেস, না স্পিন—এই প্রসঙ্গে জানিয়ে দিলেন, সুপার এইটে ক্ষতবিক্ষত উইকেটে নয়, সেমিফাইনাল হবে প্রথম রাউন্ডে ব্যবহার করা উইকেটে, যেটি বিশ্রাম পেয়ে আবার তরতাজা। এই ‘স্পিন স্পিন’ চিৎকারের মধ্যে পেসারদের কেউ নায়ক হয়ে গেলেও তাই অবাক হবেন না যেন!