চেনা ফুলের অচেনা মাধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামারাঙা আমাদের কাছে অতি সাধারণ মানের ফল হিসেবেই পরিচিত। সহজলভ্যতার কারণে এ ফল নিয়ে আমাদের বাড়তি কোনো উৎসাহ নেই। গ্রামে প্রায় সবার ঘরের আঙিনায় দু-একটি গাছ পাওয়া যায়। ফলগাছ হওয়ার সুবাদে গাছটির সঙ্গে আমাদের ভালো চেনা-পরিচয়ও আছে। সব সময় চোখের সামনেই থাকে বলে আলাদা করে এর গড়ন বা ফুলের সৌন্দর্য বিশেষ আগ্রহ নিয়ে দেখার কথা মনে হয় না। সে কারণে এর রূপমাধুরী অনেকটাই আমাদের কাছে অদেখা-অচেনাই থেকে যায়। বাড়ির আঙিনায় কামরাঙাগাছ থাকলে অন্তত একবার হলেও গাছটির দিকে একটু সময় নিয়ে ভালো করে তাকিয়ে দেখুন এবং এমন নান্দনিক শোভা উপভোগ করার চেষ্টা করুন। গাছটির ডালপালা ও পাতার বিন্যাস যেমন শৈল্পিক, তেমনি ফুলের স্নিগ্ধ শোভাও এককথায় চোখ-জুড়ানো। বারোমাসি জাতের গাছগুলোতে ফুল ও ফলের আয়োজন বর্ষব্যাপ্ত। এ কারণে প্রায় সারা বছরই পৌষ্পিক ঐশ্বর্য চোখে পড়ে। কামরাঙা আমাদের আদি ফলগুলোর মধ্যে অন্যতম। কবি মুহম্মদ জীবন লিখেছেন, ‘ছোলঙ্গ ডালিম্ব বেল নারঙ্গি কমলা।/ শ্যামতারা কামরাঙ্গা আর সদা ফলা \’ জীবনানন্দ দাশ কামরাঙাকে দেখেছেন বহুমাত্রিক আলোয়। রূপসী বাংলা কাব্যগ্রন্থে তিনি বেশ কয়েকবার এ ফলের প্রসঙ্গ এনেছেন। ‘হাতে তার শাড়িটির কস্তা পাড়—ডাঁশা আম, কামরাঙা, কুল।’ অন্য কবিতায় আছে, ‘লাল লাল বটফল কামরাঙা কুড়াতে আসিবে এই পথে—।’ঢাকার প্রায় সব কটি পার্ক, উদ্যান, অফিস ও বিদ্যায়তন প্রাঙ্গণে কামরাঙা চোখে পড়ে। কারও কারও ব্যক্তিগত বাগানেও দেখা যায়। মাঝারি আকৃতির গাছ। কাণ্ড নাতিদীর্ঘ, শাখায়িত এবং শীর্ষ ছত্রাকৃতি। বাকল ধূসর-মসৃণ। পত্র যৌগিক এবং এর বিন্যাস বিপ্রতীপ, শীর্ষ পত্রিকা সজোড়, কচিপাতা তামাটে লাল এবং এ জন্য নতুন পাতাভরা কামরাঙাগাছ রক্তিম। এ গাছ একেবারে নিষ্পত্র হয় না বলে সবুজ ও তামাটে পাতার মিশ্রণে সারা বছরই রূপসী।পুরোনো জাতের গাছগুলোর প্রস্ফুটনকাল বৈশাখ থেকে শ্রাবণ। কাণ্ড ও শাখান্তে লালচে গোলাপি রঙের গুচ্ছবদ্ধ অসংখ্য ফুল ফোটে। ফুলের এমন সৌন্দর্য উপেক্ষা করা কঠিন। শরৎ-হেমন্ত ফল পাকার মৌসুম। ফল ডিম্বাকৃতি, মাংসল, পাঁচ শিরাবিশিষ্ট। কাঁচা রং সবুজ, পাকা ফল হালকা হলুদ। আমাদের দেশে বিভিন্ন স্বাদের এবং বিভিন্ন জাতের কামরাঙা পাওয়া যায়। একসময় চিনি-কামরাঙা সবচেয়ে ভালো জাত হিসেবে বিখ্যাত ছিল। বর্তমানে সারা বিশ্বে মালয়েশিয়ার হুইলার জাতের কামরাঙা সবচেয়ে বেশি আদৃত। আবার স্টার ফ্রুট হিসেবেও বেশ জনপ্রিয়। লবণ-মরিচ মাখিয়ে খাওয়া ছাড়াও এ ফল সালাদ, জ্যাম, জেলি, আচার ও শরবত তৈরিতে কাজে লাগে। তা ছাড়া পাতা ও ফল নানা রোগের প্রতিষেধক।