চেনা মুখ অচেনা মুখোশ’
মঞ্চে আলো জ্বলতেই ‘শুভ সন্ধ্যা’ বলে সম্ভাষণ জানালেন একজন শিল্পী—দু-একটি কথার পর বোঝা গেল এটি শ্রুতিনাটকেরই অংশ। তিনি সহশিল্পীর সঙ্গে কথার খেলায় মেতে উঠলেন। গতকাল নৃত্যকলা ভবন মিলনায়তনে এভাবেই শুরু হলো স্বনন (ঢাকা) আয়োজিত পাঁচটি শ্রুতিনাটকের প্রথম পরিবেশনা চেনা মুখ অচেনা মুখোশ।কবিতা সিংহ রচিত প্রথম নাটক দুজনে মিলে কবিতায় অংশ নেন টুকু মজনিউল, অনন্যা লাবণী ও মাসকুর-এ সাত্তার। পরে দিলীপ কুমার মিত্র রচিত দ্বিতীয় নাটক প্রেমের সমাধিতীরে অল্প বয়সী প্রেমিক-প্রেমিকার ছেলেমানুষির একটি চমৎকার পরিবেশনা। এতে অংশ নিয়েছেন শুভ্রা দাশ ও আবদুল্লাহ আল মামুন। শ্যামলতনু দাশগুপ্ত রচিত অনুষ্ঠানের তৃতীয় নাটকে যৌতুক দিয়ে বিয়ে করার পর একজন সন্তানসম্ভবা নারীর অন্তর্দহন এবং শেষ পর্যন্ত আসন্ন সন্তানের বাবা হিসেবে স্বামীর আত্মোপলব্ধি চিত্রায়িত হয়েছে। অংশ নিয়েছেন মোকলেসুর রহমান মামুন ও শ্যামলী সুলতানা। পরের নাটকটিতে কিশোরী মেয়েকে নিয়ে মা-বাবার অহেতুক উৎকণ্ঠা, আতঙ্ক ও সন্দেহ হাস্যরসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছেন মাসকুর-এ সাত্তার কল্লোল, শুভ্রা দাশ ও শ্যামলী সুলতানা। সজীব চট্টোপাধ্যায়ের কাহিনি থেকে এটি নাট্যরূপ দিয়েছেন সমর চৌধুরী। অনুষ্ঠানের শেষ পরিবেশনা ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে মানবেন্দ্র সেনের শ্রুতিনাট্যরূপ লেনদেন। নীতি, বিবেক ও সম্পর্ক বিসর্জন দিয়ে সোনার হরিণের পেছনে ছোটা আমাদের সমাজের অতি পরিচিত তিনটি চরিত্র রূপায়ণ করেছেন অনন্যা লাবণী, আবদুল্লাহ আল মামুন ও মাসকুর-এ সাত্তার। ‘প্রতিসরণ’-এর ৫০তম প্রদর্শনীপ্রথম প্রদর্শনীর আট বছর পর গতকাল নাট্যকেন্দ্রের জনপ্রিয় প্রযোজনা প্রতিসরণ নাটকটির অর্ধশত মঞ্চায়ন হলো। জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির ৫০তম প্রদর্শনী হয়। ২০০৩ সালে নাটকটি প্রথম মঞ্চে আসে। নাটকটির রচনা ও নির্দেশনার কাজ করেছেন তৌকীর আহমেদ। নাটকটি নাগরিক জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে। একজন স্থপতির জীবনের নানা টানাপোড়েনের মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যায়। নগরজীবনের কয়েকজন মানুষের বেঁচে থাকার কাহিনিও উঠে আসে তাতে।নগরজীবনের সর্বগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা আর সেই উচ্চাকাঙ্ক্ষা অর্জনের পথে অবক্ষয়, হতাশা আর নিঃসঙ্গতা মানুষকে করে বিপন্ন-বিচ্ছিন্ন, মানুষ একা হয়ে পড়ে। অর্থই নিয়ামক, তাই সমাজ থেকে মূল্যবোধ, সততা, নীতিবোধ নির্বাসিত। অবক্ষয়ের এই স্রোতে না ভেসে মানুষ ঘুরে দাঁড়াতে পারে, স্রোতের বিপরীতে এগিয়ে যেতে পারে। যে পারে সেই জীবিত, সেই বেঁচে থাকে।বেঙ্গল শিল্পালয়ে সুমনা হকের প্রদর্শনী শুরুআজ রোববার সন্ধ্যায় বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে শিল্পী সুমনা হকের ‘মনের আকাশে রংধনু’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হচ্ছে। ১০ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হয়ে নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী ও শিল্পী মনিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।প্রদর্শনী উপলক্ষে গতকাল বেঙ্গল শিল্পালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সুমনা হক ও বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী এতে বক্তব্য দেন। লিখিত বক্তব্যে বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।লায়লা আফরোজের আবৃত্তিগতকাল সন্ধ্যায় সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হয় লায়লা আফরোজের একক আবৃত্তিসন্ধ্যা ‘আমি নইলে মিথ্যা হতো’।অনুষ্ঠানে লায়লা আফরোজ কবিগুরুর ‘সন্ধ্যা ও প্রভাত’, ‘পরিচয়’, ‘আমি’, ‘জন্মান্তর’, ‘ব্রাহ্মণ’, ‘কৃপণ’, ‘শেষ বসন্ত’ কবিতা আবৃত্তি করেন। এর পাশাপাশি তিনি রবীন্দ্রনাথকে নিয়ে অন্য কবিদের রচনাও আবৃত্তি করেন। এর মধ্যে জ্যোতিরিন্দ্র মৈত্রীর ‘রবীন্দ্র ঠাকুর’, বীথি চট্টোপাধ্যায়ের ‘অলৌকিক’, সুখদাস গুপ্তের ‘যখন আকাশ কাঁদে’। আয়োজনে শিল্পী মহিউজ্জামান চৌধুরী ময়না গীতাঞ্জলির ইংরেজি সংস্করণ থেকে পাঠ করেন।