চেনা যাচ্ছে না লাশ, আজ উদ্ধার ১৯ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসে পড়ার একাদশ দিন আজ। ধ্বংসস্তূপ থেকে এখন যেসব মরদেহ উদ্ধার করা হচ্ছে তার প্রায় সবই বিকৃত হয়ে গেছে। আজও অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে শত শত স্বজন লাশের জন্য অপেক্ষা করেছেন। অধরচন্দ্র বিদ্যালয়ে এখনো শোনা যাচ্ছে আর্তকান্না। অধরচন্দ্র বিদ্যালয়ে লাশের পোশাক ও শরীরের গঠন দেখে নিজেদের স্বজন দাবি করে প্রশাসনের লোকজনের পিছনে ছুটছে একদল মানুষ। আরেক দল লাশের সঙ্গে হারিয়ে যাওয়া স্বজনের মিল না পেয়ে চোখের জল ফেলছে। ভাগ্যবান তাঁরাই, যাঁরা স্বজনের লাশ নিয়ে বাড়ি ফিরতে পারছেন।আজ ভোর থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত উদ্ধার করা হয় ১৯টি লাশ। গত ২৪ এপ্রিল ভবন ধসের পর আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ৫৪৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে মারা গেছে আরও নয়জন। সব মিলিয়ে ভবনধসের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫২ জনে। এর মধ্যে হস্তান্তর করা হয়েছে ৪৫৭টি লাশ। গত রোববার রাতে দ্বিতীয় পর্যায়ের উদ্ধার অভিযান শুরুর পর থেকে আজ বিকেল পর্যন্ত ১৩৩টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৮৬টি নারীর। আর চারটি লাশ এতই বিকৃত হয়ে গেছে যে তা নারী না পুরুষ, শনাক্তই করা যায়নি। সিঁড়িতেই যত লাশ উদ্ধার অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, তিন দিন ধরে যত লাশ উদ্ধার করা হয়েছে এর প্রায় সবই ধসে পড়া ভবনের পিছনের অংশ থেকে। ওই দিকের সিঁড়ি থেকেই এসব লাশ উদ্ধার হয়। এখনো ধ্বংসস্তূপ টান দিলে লাশ পাওয়া যাচ্ছে। গত শুক্রবার রাতে ওই সিঁড়ির মুখে থাকা কলাপসিবল গেইট সরানো হয়। সিঁড়ির আরেকটি অংশ এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। সেখানে আরও অনেক লাশ থাকতে পারে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। ধসে পড়া ভবনের পেছনের দিকে এখনো পচে-গলে যাওয়া লাশের দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী রানা প্লাজা ধসের ঘটনায় এখন নিখোঁজ মানুষের সংখ্যা ১৮২ জন। অবশ্য সেনাবাহিনীর নিয়ন্ত্রণকক্ষ থেকে নিখোঁজের সংখ্যা ১২৭ জন বলে জানানো হয়েছে। তালিকায় নাম ওঠানোর পর জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩৩ জন। আর ১৭ জনের অসম্পূর্ণ তথ্য এবং পাঁচজনের কোনো তথ্য না থাকায় নিশ্চিত হতে পারেনি সেনাবাহিনী।