চেম্বারে কাজ করেই বিশেষজ্ঞ চিকিৎসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসাশাস্ত্রে কোনো ডিগ্রি নেই। তবু চিকিৎসক তাঁরা। তাঁদের মধ্যে একজন হলেন মর্জিনা খাতুন। শেরপুরের পুরোনো গরুহাটিতে নিজ বাড়ির দেয়ালে নামের আগে ডাক্তার এবং নামের পরে স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ লিখে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন মর্জিনা খাতুন। পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে মর্জিনাকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।মর্জিনা খাতুনের সঙ্গে ভুয়া চিকিৎসার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন: ঝিনাইগাতী উপজেলার বালিয়াচণ্ডী গ্রামের মো. চান মিয়া (৫২) ও তাঁর সহযোগী শ্রীবরদী উপজেলার গোপালখিলা গ্রামের রুবেল মিয়া (১৮)। আজ শুক্রবার বিকেলে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শরিফুল হকের আদালতের নির্দেশে তিনজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার মর্জিনা খাতুন, চান মিয়া ও রুবেল বলেছেন, প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকলেও তাঁরা বিভিন্ন সময় প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ সম্পর্কে জানতে চাইলে তাঁরা বলেন, বিভিন্ন সময় তাঁরা চিকিৎসকদের চেম্বারে কাজ করেছেন। পুলিশ সূত্র জানায়, অনেক রোগী মর্জিনা খাতুনের ভুল চিকিৎসার শিকার হয়েছেন। মর্জিনা খাতুন অনেকের গর্ভপাত করেছেন।মর্জিনা খাতুন শেরপুর জেলা শহরের পুরোনো গরুহাটি মহল্লার রবিউল হোসেনের স্ত্রী।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মো. চান মিয়া নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বালিয়াচণ্ডী গ্রামে তাঁর বাড়িতে ওষুধের দোকান খুলে রোগীদের চিকিৎসা করাতেন। ডিবি পুলিশ চান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে ও তাঁর সহযোগী রুবেল মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ চান মিয়ার দোকান থেকে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু বড়ি উদ্ধার করে।শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইনে সদর ও ঝিনাইগাতী থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাঁদের অপচিকিৎসার ব্যাপারে তদন্ত চলছে।