চেরি ব্লেয়ার ঢাকা আসছেন আজ
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। এ ছাড়া আগামীকাল শনিবার চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে চেরি ব্লেয়ার ফেলোশিপের উদ্বোধন করবেন। তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করবেন। গতকাল বৃহস্পতিবার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।এতে বলা হয়, চট্টগ্রাম সফরের সময় চেরি ব্লেয়ারের সম্মানে নাগরিক সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করবেন চট্টগ্রামের সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন। এ ছাড়া ঢাকায় ফেরার পর চেরি ব্লেয়ারের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবনে নৈশভোজের আয়োজন করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এতে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার ছাড়াও সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।মানবাধিকারকর্মী ও আন্তর্জাতিক আইনজীবী চেরি ব্লেয়ার ঢাকায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে মানবাধিকার আইন বিষয়ে বক্তৃতা করবেন। এই বক্তৃতার আয়োজক সুপ্রিম কোর্ট বার কাউন্সিল ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন।