ইন্টার কোচ জোসে মারিনহোর প্রচণ্ড খুশি হওয়াটাই তো স্বাভাবিক। নিজের সাবেক দলের বিপক্ষে জয়ে যে কেউ খুশি হতে পারেন। গত মঙ্গলবার লন্ডনের স্টামফোর্ড ব্রিজে মারিনহো ফিরলেন মাথা উঁচু করে, বিজয়ীর বেশে। তাঁর বর্তমান দল ইন্টার মিলান হারিয়েছে সাবেক দল চেলসিকে, তাও আবার প্রতিপক্ষের মাঠে। কাল রাতটা আনন্দে কাটাটাই স্বাভাবিক ইন্টার কোচের।চ্যাম্পিয়নস লিগে ইংলিশ কোনো দলকে হারানো সব সময়ই পরিতৃপ্তির। খেলার ৭৮ মিনিটের মাথায় ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল ইতোর লক্ষ্যভেদ ইন্টারকে এনে দিয়েছে চমত্কার এক জয়। আর এ জয়ের মধ্য দিয়ে শেষ আট নিশ্চিত করেছে ইতালির এ ক্লাবটি। এর আগের তিনটি চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ ইন্টার মিলান এবার চেলসির বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই পর্ব মিলিয়ে গোল ৩-১ ব্যবধানে গড়ে তুলেছে ইতিমধ্যেই। ম্যাচ শেষে স্কাই নিউজ কে দেওয়া এক সাক্ষাত্কারে ইন্টার মিলান কোচ মারিনহো বলেছেন, ‘এখনো পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে আমরাই সেরা দল। চেলসির বিপক্ষে জয় তারই স্বার্থক প্রতিফলন। দলগত ও ব্যক্তিগত দুই পর্যায়েই পারফরম্যান্সের দিক দিয়ে এ পর্যন্ত কোনো দল আমাদের পেছনে ফেলতে পারেনি।’প্রায় তিন বছর আগে চেলসির কোচ ছিলেন মারিনহো। পুরনো দলের বিপক্ষে এ জয় তাঁকে কোনো বাড়তি আনন্দ দিয়েছে কিনা সেটা অবশ্য বলেননি মারিনহো, তবে কথার মারপ্যাঁচে জানিয়ে দিয়েছেন, জয়টাকে বিশেষভাবেই উদ্যাপন করেছেন তিনি। তবে চেলসির জন্য ভালোবাসা তাঁর যে এখনো অটুট তা জানাতে ভোলেননি তিনি, ‘আমি চেলসিকে ভালোবাসি, স্টামফোর্ড ব্রিজকে ভালোবাসি। এ স্টেডিয়াম আমাকে স্মৃতিকাতর করে।’চেলসির বিপক্ষে গতকাল মঙ্গলবার মারিনহো তিন স্ট্রাইকার খেলানোর কৌশল অবলম্বন করেন। ইতো, ডিয়েগো মিলিতো ও গোরান পানদেভ ম্যাচের প্রথম থেকেই চেলসির বিপক্ষে আক্রমণের স্রোত বইয়ে দেন। আক্রমণের পাশাপাশি তাঁদের ইস্পাত কঠিন রক্ষণ কৌশলের কাছে মার খেয়ে যান দ্রগবারা। খেলায় কখনোই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি ইংলিশ দলটি। রক্ষণে লুসিও ও ওয়াল্টার স্যামুয়েলের অতন্দ্র প্রহরা ইন্টারকে কোনো বিপদেই পড়তে দেয়নি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে একটি চাতুর্যপূর্ণ আক্রমণ থেকে স্নাইডারের ব্যাক হিলে বল পেয়ে যান পানদেভ। কিন্তু চেলসি ডিফেন্ডার ইউরি জিরকভ সময়মতো পানদেভকে ট্যাকল করে এ যাত্রায় বাঁচিয়ে দেন চেলসিকে। এর কিছু সময় পর মিলিতো একটি ব্যর্থ অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে ঢুকে পোস্টে শট নিলে কোনোমতে রক্ষা করেন গোলরক্ষক রস টার্নবুল। খেলায় কাঙ্ক্ষিত গোলটি পায় ইন্টার ৭৮ মিনিটের সময়। সবাইকে মুগ্ধ করা স্নাইডারের পিফেন্স চেরা পাস আগুয়ান গোলরক্ষক টার্নবুলের পাশ দিয়ে জালে পাঠিয়ে দেন স্যামুয়েল ইতো। স্যামুয়েল ইতো যেকোনো পর্যায়ে প্রায় আট ম্যাচ পরে গোল পেলেন। গোল হজমের পর চেলসি যেন আরও চুপসে যায়। সমর্থকদের হতাশা বাড়িয়ে দিদিয়ের দ্রগবা যখন লালকার্ড পেলেন, তখন ১০ জনের দল নিয়ে প্রতাপের সঙ্গে খেলা ইন্টারের বিপক্ষে তেমন কিছুই করতে পারেনি চেলসি। ম্যাচ শেষে হতাশ চেলসি কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠে ইন্টার মিলান সম্পর্কে প্রশংসাই ঝরলো, ‘অসাধারণ ফুটবল খেলেছে ইন্টার মিলান। আমরা কখনোই ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারিনি। এ ম্যাচটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বানিয়ে এখন আমাদের বাকি প্রতিপক্ষদের নিয়ে ভাবতে হবে।’