ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন টি এম মোশাররফ হোসেন। পড়াশোনা শেষ করে স্বাভাবিকভাবেই শুরু হয় চাকরি খোঁজার পালা। এ জন্য নিজেকে তৈরি করতে থাকেন।অংশ নেন বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষায়। পাশাপাশি তো বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার জন্য প্রস্তুতি চলছিলই। পরীক্ষাও দেন। শেষ পর্যন্ত টিকে যান বাংলাদেশ ব্যাংকে। সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। চলতে থাকে চাকরি। কিন্তু থেমে থাকে না বিসিএস পরীক্ষার পড়াশোনা ও পরীক্ষায় অংশ নেওয়া। ২৭তম বিসিএস পরীক্ষায় বিসিএস (পুলিশ) ক্যাডারে চূড়ান্তভাবে নির্বাচিত হন। বর্তমানে ব্যবহারিক প্রশিক্ষণ নিচ্ছেন। শুধু টি এম মোশাররফ হোসেন নন, তাঁর মতো অনেকেরই পেশা জীবনের প্রথম পছন্দ সরকারি কর্মকর্তার পেশা।আর এ জন্য পার হতে হয় বিসিএস পরীক্ষার বৈতরনী।বিসিএস পরীক্ষার মাধ্যমে দেশের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হওয়ার স্বপ্ন অনেকেরই। আবারও সেই স্বপ্নের হাতছানি।১০ মার্চ থেকে বিভিন্ন পত্রপত্রিকায় ৩০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৪ মার্চ থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী তরুণ-তরুণীরা ইতিমধ্যে আবেদন শুরু করে দিয়েছেন। সঙ্গে প্রস্তুতি তো নিচ্ছেনই।খালিআছে যেসব পদবাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে শূন্যপদগুলো পূরণ করা হয় মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। ৩০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৫টি সাধারণ ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। সাধারণ ক্যাডারের মধ্যে আছে বিসিএস—প্রশাসন, পররাষ্ট্র, পুলিশ, নিরীক্ষা ও হিসাব, আনসার, শুল্ক ও আবগারি, সমবায়, খাদ্য, পরিবার পরিকল্পনা, ডাক, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক, কর, বাণিজ্য, অর্থনৈতিক এবং তথ্য। এ ছাড়া ১২ পেশাদারি বা কারিগরি ক্যাডারের জন্যও পরীক্ষা নেওয়া হবে। ক্যাডারগুলোর মধ্যে আছে কৃষি, মৎস্য, খাদ্য, স্বাস্থ্য, তথ্য, সড়ক ও জনপথ, রেলওয়ে প্রকৌশল, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত, পরিসংখ্যান, প্রাণিসম্পদ ও শিক্ষা ক্যাডার। আসনসংখ্যাসাধারণ ক্যাডারে শূন্যপদের সংখ্যা সব মিলিয়ে ৮৩১টি। আর পেশাদারি/কারিগরি ক্যাডারে এক হাজার ৬৮৫টি। শিক্ষক প্রশিক্ষণ কলেজে বিষয়ভিত্তিক শূন্যপদের সংখ্যা ৫৬। এসব মিলিয়ে ৩০তম বিসিএস পরীক্ষায় মোট দুই হাজার ৫৭২টি শূন্যপদের জন্য নিয়োগ দেওয়া হবে। আবেদনের যোগ্যতা: সাধারণ ক্যাডারে আবেদন করতে স্নাতকোত্তর অথবা এইচএসসি পরীক্ষা পাসের পর চার বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি লাগবে। শিক্ষাজীবনে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকলে আবেদন করা যাবে না।পেশাদারি ক্যাডারের জন্য বিভাগ-সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে।আবেদনের বিস্তারিত পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে পাওয়া যাবে। এ ছাড়া বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।আবেদনপত্র সংগ্রহ ও জমাঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রের জন্য আলাদা আবেদন ফরম কেন্দ্রগুলোর নির্ধারিত সোনালী ব্যাংক থেকে ২০০ টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে সঙ্গে চাওয়া প্রয়োজনীয় কাগজপত্রসহ (নির্ধারিত ব্যাংকের পে-অর্ডার/ড্রাফট/চালানের মূলকপি) আগামী ২০ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্রের ফটোকপি গ্রহণ করা হয় না। দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসকের দপ্তরে অথবা নির্ধারিত স্থানে আবেদনপত্র জমা দিতে হবে।শুরু থেকেই প্রস্তুতিআগ্রহী ও যাঁদের যোগ্যতা আছে তাঁরা তো আবেদনপত্র জমা দেওয়া শুরু করেছেন। তবে শুধু আবেদন করে বসে থাকলে চলবে না। এখন থেকেই দরকার প্রস্তুতি। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসি) সাবেক সদস্য লতিফুর রহমান বলেন, ‘বর্তমানে দেশে মেধাবী ও পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। আমাদের সময়ের তুলনায় বর্তমান প্রজন্মের ছাত্ররা বেশি পড়াশোনা করে। অন্যদিকে দেশে রয়েছে বেকার সমস্যা। এসব কারণে বিসিএস পরীক্ষাটা হয় অনেক প্রতিযোগিতামূলক। আর এই প্রতিযোগিতায় টিকতে হলে এখন থেকেই ব্যাপক প্রস্তুতি নিতে হবে।’ যাঁরা ৩০তম বিসিএস পরীক্ষার জন্য আবেদন করছেন, তাঁদের আর বসে থাকার সময় নেই। প্রতিদিনই পড়াশোনা করতে হবে। মনে রাখতে হবে, বিসিএস একমুখী প্রস্তুতির বিষয় নয়। এ জন্য দরকার বহুমুখী প্রস্তুতি।কৌশলটা বুঝতে হবেবিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে আপনাকে বেশ কৌশলী হতে হবে।লতিফুর রহমান জানান, প্রার্থীদের সার্বিক জ্ঞান যাচাইয়ের জন্যই বিসিএসের প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক পরীক্ষা থেকে মৌখিক পরীক্ষা পর্যন্ত প্রতিটি পরীক্ষার প্রশ্ন হয়। তাই প্রস্তুতিটাও হবে বহুমুখী। ২৯তম বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থী দিলারা রহমান বলেন, যাঁরা বিসিএস পরীক্ষায় অংশ নেবেন, তাঁদের প্রস্তুতির আগে প্রথমে বুঝতে হবে পাঠ্যক্রম। কোন কোন বই থেকে ও কীভাবে পড়াশোনা করবেন, এসব বিষয় এখনই ঠিক করে ফেলতে হবে। প্রস্তুতির শুরুটা যদি সুন্দর ও পরিকল্পিত না হয়, তবে আপনি পিছিয়ে পড়তে পারেন অন্যদের থেকে। দুই পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে অনেক প্রার্থীকে দেখা যায়, শুধু প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিল্লুর রহমান (২৯তম প্রিলিমিনারি উত্তীর্ণ) জানান, একসঙ্গে প্রিলিমিনারি ও লিখিত উভয় পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। কারণ প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিটা যদি সঠিক ও ভালোভাবে নেওয়া যায়, তাহলে লিখিত পরীক্ষায় এগিয়ে যাওয়া যায়। বিশেষ করে বাংলা, ইংরেজি ও গণিত তো অবশ্যই। এ ছাড়া যাঁরা প্রিলিমিনারি পরীক্ষায় টিকে যান, তাঁরা লিখিত পরীক্ষার জন্য যে কয়েক মাস সময় পাবেন, তা খুবই সামান্য। তাই এখন থেকে একযোগে প্রস্তুতি শুরু না করলে আপনি অন্যদের থেকে পিছিয়ে পড়বেন।প্রতিদিনই প্রস্তুতিবিসিএস পরীক্ষায় আশানুরূপ ফলের জন্য একজন প্রার্থীকে প্রতিদিন পড়াশোনা করতে হবে। লতিফুর রহমান মনে করেন, একজন প্রার্থীকে প্রতিদিন অন্তত ১০ ঘণ্টা পড়াশোনা করা দরকার এবং সে পড়াশোনা হতে হবে রুটিনমাফিক। যে প্রার্থী যে বিষয়ে নিজেকে দুর্বল মনে করেন, তিনি ওই বিষয়ে আরও বেশি যত্ন নিয়ে প্রস্তুতি নেবেন। প্রতিটি বিষয়ে ভালো করলেই ভালো ফল পাওয়া সম্ভব।চাই সহায়ক বই বিসিএস পরীক্ষায় ভালো করতে হলে শুধু বাজারের গতানুগতিক ধারার নোট বা গাইড পড়লে হবে না। দরকার বিষয়ভিত্তিক স্বচ্ছ ধারণা ও মৌলিক জ্ঞান। তাই সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি—এসব বিষয়ের জন্য সংশ্লিষ্ট বই পড়তে হবে। এ জন্য প্রার্থীরা মাধ্যমিক বিভাগের বিজ্ঞান, গণিত ইত্যাদি বই পড়তে পারেন। এর সঙ্গে পত্রপত্রিকা এবং বাজারে বিসিএস পরীক্ষার জন্য অসংখ্য প্রকাশনীর বই পাওয়া যায়, সেগুলো কিনে আপনার প্রস্তুতিটা এগিয়ে নিতে হবে। আপনাকে বুঝতে হবে, প্রতিটি বিষয়ে অর্জিত জ্ঞান স্পষ্ট হয়েছে কি না। লতিফুর রহমান বলেন, পরীক্ষার্থীকে এখন থেকেই বিভিন্ন বেতার-টেলিভিশনের সর্বশেষ খবর শোনার অভ্যাস করতে হবে এবং নিয়মিত শুনতে হবে। পত্রপত্রিকা, দেশি-বিদেশি ম্যাগাজিন-জার্নাল পড়তে হবে। ইন্টারনেটে বিশ্বের নানা খবর জানতে হবে। পরীক্ষায় ভালো করতে, বিশেষ করে সাধারণ জ্ঞান অংশে (আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়াবলি) এসব বিষয়ের ওপর নজর রাখতে হবে।বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে কে না চায়! প্রতিবছর এ পরীক্ষায় অংশ নেন অসংখ্য প্রার্থী। এবারও এর ব্যতিক্রম হবে না। তাই যাঁরা আবেদন করছেন, প্রস্তুতিটাও শুরু করুন আজই।