চেষ্টা ছিল সবার, তবু বাঁচানো গেল না তাকে
৪০ থেকে ৫০ জন মানুষ একটি মিনিবাস কাত করে বাস ও সড়ক বিভাজকের মধ্যখানে আটকে পড়া এক তরুণকে উদ্ধারের চেষ্টা করছে। প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে উদ্ধার হলো থেঁতলানো-রক্তাক্ত নিথর একটি দেহ। একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে সেই দেহটি নিয়ে দুজন পথচারী ছুটলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।গতকাল সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি সড়কে একটি মিনিবাসের চাপায় প্রাণ হারায় নটর ডেম কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জেসন জেভিয়ার গোমেজ (১৭)। পথচারীদের অভিযোগ, কয়েক গজ দূরেই ফার্মগেট পুলিশ বক্স। কিন্তু দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে পুলিশের কোনো ভূমিকা ছিল না। পুলিশ এসে শুধু বাসের কাগজপত্র নিয়ে গেছে। পথচারীরাই পালিয়ে যাওয়ার সময় বাসচালককে ধরে পুলিশে দেন। ঘটনার প্রত্যক্ষদর্শী রাশেদুল খান বলেন, বেলা দুইটার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফটকের সামনে রাস্তা পার হচ্ছিল জেসন। সড়ক বিভাজক থেকে রাস্তায় নামামাত্রই মিনিবাসটি তাকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। বাসের সামনের চাকা জেসনের বুকের ওপর দিয়ে চলে যায়। বাসের নিচে আটকে যায় জেসন। আশপাশের লোকজন চিৎকার করতে থাকে। ওই অবস্থায় কিছু দূর টেনে নিয়ে গিয়ে বাসটি সড়ক বিভাজক ঘেঁষে থেমে যায়। বাসের নিচে সড়ক বিভাজকের সঙ্গে আটকা পড়ে জেসন। এ সময় লোকজন ছুটে আসতে শুরু করলে চালক জানালা দিয়ে লাফ দিয়ে দৌড় দেন। বাসের নিচে আটকে পড়া ছেলেটির দেহ ততক্ষণে নিথর হয়ে দেছে। শার্টটি ছিঁড়ে গেছে, ঘষা খেয়ে বুকের কাছে অনেকখানি চামড়া উঠে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটিকে বাঁচানোর আশায় জড়ো হন অনেক পথচারী। বাসটি যেন জেসনের দেহ সড়ক বিভাজকের সঙ্গে ঠেসে ধরে আছে। এ অবস্থায় ৪০-৫০ জন মিলে বাসটিকে ডান দিক থেকে ঠেলে কাত করে ধরেন। আর দুজন ছেলেটির দেহ টেনে তোলেন।প্রত্যক্ষদর্শী একজন বলেন, ‘এত কষ্ট করে উদ্ধারের পর দেখি দেহটি নিথর। তখন অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেনি।’ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, বেলা তিনটার দিকে জেসনের দেহ নিয়ে পথচারী রাশেদুল ও শিপন ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।জেসনের মামা বুলবুল গোমেজ বলেন, জেসনদের বাড়ি নবাবগঞ্জের কলাকোপা বান্দুরায়। তার শিখা গোমেজ ও দশম শ্রেণীপড়ুয়া বোন গ্রামে থাকে। বাবা বিনোদ গোমেজ যুক্তরাষ্ট্র প্রবাসী। ঢাকায় মণিপুরীপাড়ায় তাঁর (বুলবুলের) বাসায় থেকেই কলেজে পড়ত জেসন। গতকাল সকাল ১০টার দিকে সে বাসা থেকে বের হয়। দুপুর ১২টা পর্যন্ত ক্লাস ছিল। ক্লাস শেষ করে বাসায় ফিরছিল সে।এ বিষয়ে পুলিশের তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, পুলিশ বাসচালক শহীদকে গ্রেপ্তার ও বাসটি আটক করেছে।