চেহারা খারাপ হলে আয়না ভাঙা ঠিক না: আকবর আলি খান
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, ‘গণমাধ্যম সমাজের আয়না। সেই আয়নায় চেহারা খারাপ হলে, আয়না ভেঙে ফেলা ঠিক না। এতে আয়নার কোনো দোষ নেই। যাদের চেহারা খারাপ দেখাচ্ছে, তাদের উচিত নিজ দায়িত্বে চেহারা ঠিক করা। নিজেদের কর্মকাণ্ড শুধরে নেওয়া। গণমাধ্যমের কাজই হচ্ছে সমাজের দোষ-গুণ তুলে ধরা। ক্ষমতাসীন দলের সব সময় এই কথা মনে রাখা উচিত।’ আজ বৃহস্পতিবার রাজধানীর প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক আব্দুস সালামের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আকবর আলি খান এসব কথা বলেন। আব্দুস সালাম স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ। আব্দুস সালামের স্মৃতি রক্ষার্থে গত ৩৬ বছরে সরকারের কোনো উদ্যোগ নেই—তাঁর পরিবারের সদস্যদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আকবর আলি খান বলেন, ‘বাঙালি চরিত্রের বিশেষত্ব একটাই, তারা কাউকে মনে রাখে না। নোবেল বিজয়ী দুই বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর ও মুহাম্মদ ইউনূসকে বাঙালির কম গালমন্দ খেতে হয়নি।’ এ ছাড়া যে অন্যায়, অবিচার ও অনিয়মের জন্য আব্দুস সালাম তাঁর লেখনীর মাধ্যমে সংগ্রাম করেছিলেন, তা আজও শেষ হয়নি বলে মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা। তিনি আরও বলেন, আব্দুস সালামের স্মৃতি রক্ষার্থে শুধু রাস্তা বা পুস্তিকা নয়, তাঁর আদর্শ ধারণ করতে না পারলে কীভাবে প্রজন্মের পর প্রজন্ম তাঁর কথা মনে রাখবে?অবজারভার থেকে প্রেসক্লাব পর্যন্ত রাস্তাটি আব্দুস সালামের নামে নামকরণের দাবি জানান তাঁর মেয়ে রেহানা সালাম।অনুষ্ঠানের আরও বক্তব্য দেন ‘দৈনিক দেশ-বাংলা’র সম্পাদক ও পিডিপির চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশী, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক মহাপরিচালক গোলাম কিবরিয়া, চিত্রশিল্পী সৈয়দ লুত্ফুল হক, ‘দৈনিক সংবাদ’-এর বার্তা সম্পাদক কাজী রফিক প্রমুখ।