চেয়ারম্যান, এমডিসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বহুধাপের কথিত বিপণন কোম্পানি ইউনিপেটুইউর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম মহানগরের হাকিম আদালত। গতকাল মঙ্গলবার চারটি প্রতারণা মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালত এ আদেশ দেন। চারটি মামলায় পৃথকভাবে চেয়ার-ম্যান, ব্যবস্থাপনা পরিচালক, কর্মকর্তা, এজেন্টসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ১০ মাসে দ্বিগুণ লাভ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ১৩ কোটি ২২ লাখ ৬০ হাজার ৯১১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালতে এসব মামলা হয়। মামলার আরজিতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাগুলো আমলে নিয়ে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য পাঁচলাইশ থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন। নগরের মুরাদপুরে রমনা ট্রেড সেন্টারের সপ্তমতলায় ইউনিপেটুইউর স্থানীয় কার্যালয়ে ২০১০ সালের বিভিন্ন সময় আসামিরা টাকাগুলো হাতিয়ে নিয়েছেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, চারটি মামলার মধ্যে একটি মামলা করেছেন ইউনিপেটুইউ চট্টগ্রাম বিভাগীয় বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি অজিত দাশগুপ্ত। তিনি ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনেন। এ মামলায় আসামি করা হয়েছে ১৭ জনকে। আসামিরা হলেন: ইউনিপেটুইউর চেয়ারম্যান শহিদুজ্জামান শাহীন, ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতাসির হোসাইন ওরফে ইমন, পরিচালক মনজুর আহসান, ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান, পরিচালক (অর্থ) এম এ তাহের, পরিচালক (প্রশাসন) এ এ মুকিম, পরিচালক (বিপণন) সাখাওয়াত হোসেন, মহাব্যবস্থাপক জামশেদুল আলম, এজেন্ট অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার আবদুল জলিল, অ্যাডভোকেট মহিউদ্দিন জুয়েল, অঞ্জনা রায়, মো. পারভেজ, মুরাদুল মোকতাকিম, আবুল কালাম, হাফিজুর রহমান, হাছান পারভেজ ও কাজী শাহীন নিজামী। এ ছাড়া ১৭ লাখ ৬৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মোহাম্মদ হানিফ নামের অপর এক গ্রাহক পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এই মামলার আসামিরা হলেন: চেয়ারম্যান শহিদুজ্জামান শাহীন, ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতাসির হোসাইন, এজেন্ট হাফিজুর রহমান, মো. সুমন ও আবুল কালাম আজাদ। আবদুল লতিফ নামের অপর এক গ্রাহক সাত লাখ ৪৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা করেছেন, যাতে আসামি করা হয়েছে চারজনকে। অপর মামলাটি করেন জামাল উদ্দিন নামের আরেক গ্রাহক। তিনি এক কোটি ৩০ লাখ ২৬ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন। এতে আসামি করা হয়েছে ১১ জনকে।