চেয়ারম্যানও ব্রিজ দেখে যেতে পারেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুই বুঝি আর পুল দেখে যাবা পারিবা নুহু। ভোটের আগত সবায় কহিছিল ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে চাওয়াই নদীতে পুল করা। কিন্তু কাহ কাথা রাখল না।’ পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খৈপাড়া গ্রামের ছফিরউদ্দিন (৭০) এসব কথা বলেন। ইউনিয়নের অমরখানা পুরোনো বোর্ড অফিস থেকে খৈপাড়ার মধ্যে চাওয়াই নদীতে দীর্ঘদিনেও সেতু না হওয়ায় তিনি এ আক্ষেপ করেন। এলাকাবাসী জানান, পঞ্চগড় উপজেলা সদর থেকে এখানকার সাতমেরা ইউনিয়নের খৈপাড়া, পখিলাগা, ডাঙ্গাপাড়া, ফকিরপাড়া, গাছবাড়ি, নুচুরাপাড়া, ডুবানুচি, বরকতিয়া ও পেলকুজোত গ্রামকে আলাদা করে রেখেছে চাওয়াই নদী। তাই এলাকাবাসীকে জেলা ও উপজেলা সদরে পৌঁছাতে হলে ৮-১০ কিলোমিটার পথ ঘুরতে হয়। খৈপাড়ার মো. মোসলেম উদ্দীন বলেন, ২০০২ সালের ২৯ এপ্রিল একটি গণ-আবেদনে সাতমেরা ও অমরখানা ইউপি চেয়ারম্যানসহ সে সময়কার সাংসদের সুপারিশ নিয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে দেওয়া হয়। ফকিরপাড়ার আবদুর রাজ্জাক বলেন, ‘ভোটের আগত সবায় নদীত পুল দিবা চাহিছিল। ভোট শেষ, হামার কাথা আর পুলের কাথা সবায় ভুইলে যায়।’পঞ্চগড় এম আর সরকারি কলেজের ছাত্র ও ফকিরপাড়া গ্রামের তবিবর রহমান বলেন, ‘এখানে সেতু না হওয়ায় আমরা যেসব ছাত্রছাত্রী বাইরে পড়ালেখা করি তাদের সবচেয়ে বেশি অসুবিধায় পড়তে হয়। আমাদের অনেক পথ ঘুরে যেতে হয়। এতে সময় লাগে অনেক বেশি। নয়টি গ্রামের দুই শতাধিক শিক্ষার্থী এ ভোগান্তির শিকার। অনেকে বর্ষার সময় স্কুল-কলেজে যাওয়াই বন্ধ করে দেয়। তবে বাঁশের সাঁকো নির্মাণের ফলে এ সমস্যা আপাতত দূর হয়েছে।’সাতমেরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হোসেন আলী অমরখানা বোর্ড অফিসের পাশে চাওয়াই নদীর ওপর সেতুর প্রয়োজনের কথা উল্লেখ করে বলেন, এ ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান নিজেই এলজিইডির প্রধান প্রকৌশলীর সঙ্গে দেখা করে সেতুর কথা বলেছেন। এরপর অনেক দিন আগে জরিপ হয়েছিল। তিনি মারা গেছেন; কিন্তু পুল দেখে যেতে পারেননি।জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার জানান, এখানে একটি সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে প্রাক্কলনও তৈরি করা হয়েছে।