চেয়ারম্যানকে বিরত রাখার এখতিয়ার নেই: ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হককে বিচারকাজ থেকে বিরত রাখার আইনগত এখতিয়ার ট্রাইব্যুনালের অন্য বিচারকদের নেই। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর করা এক আবেদনের নিষ্পত্তিকালে গতকাল সোমবার ট্রাইব্যুনাল এ মন্তব্য করেন।ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে বিচারকাজ থেকে বিরত থাকার জন্য (রিকিউজাল) সাঈদীর পক্ষে তাঁর আইনজীবী আবদুর রাজ্জাক গত ২৭ অক্টোবর এই আবেদন করেছিলেন। ট্রাইব্যুনালের দুই সদস্য এ টি এম ফজলে কবীর এবং এ কে এম জহির আহমেদ গতকাল আবেদনটির নিষ্পত্তি করে আদেশ দেন।আদেশের দিন ধার্য থাকায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়।আদেশে বলা হয়, বিচারকাজ থেকে বিরত থাকার আবেদন এ দেশের বিচারিক ব্যবস্থায় নতুন। আইনগত এখতিয়ার না থাকায় একই ট্রাইব্যুনালের দুই সদস্য এর চেয়ারম্যানকে বিচারকাজ থেকে বিরত রাখতে পারেন না। কারণ, তিন সদস্যের এই ট্রাইব্যুনালের প্রত্যেক সদস্যের বিচারিক ক্ষমতা সমান। এটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট বিচারকের নিজস্ব বিষয়।আদেশের পর আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আবেদন করা হবে।সাঈদীর আইনজীবীদের দাবি, ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক ১৯৯৪ সালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গণতদন্ত কমিশনের সদস্য ছিলেন। তিনি ওই সময় মানবতাবিরোধী অপরাধের তদন্ত করেছেন। এ জন্য তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান থাকার অযোগ্য।তিন বিদেশি আইনজীবীর বিষয়ে আদেশ: ট্রাইব্যুনাল অপর এক আদেশে বলেন, আসামিপক্ষের আইনজীবী পরিচয়ে ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে কিউসি, টবি ক্যাডম্যান ও জন ক্যামে গত ৯ নভেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে একটি ই-মেইল পাঠান। বিচারপতি নিজামুল হককে উদ্দেশ করে লেখা ওই চিঠিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ থেকে তাঁকে সরে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়। ওই চিঠির বিষয়বস্তু গোপনীয় বলে উল্লেখ করা হলেও এর অনুলিপি ওই দিনই দেশের বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়। এতে বোঝা যায়, বিষয়টি আদৌ গোপনীয় নয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে হেয় করতে বিদেশি আইনজীবীরা এ কাজ করেছেন।ট্রাইব্যুনাল আদেশে আরও বলেন, এ ঘটনায় মনে হয়, ওই আইনজীবীরা যুক্তরাজ্যের বার কাউন্সিল ও বাংলাদেশের বার কাউন্সিলের আইনজীবীদের আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে এই আদেশের অনুলিপি যুক্তরাজ্যের বার কাউন্সিল ও বাংলাদেশের আইন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।