চেয়ারম্যানদের অনুমোদন নিয়ে এনজিওর চাঁদাবাজি!
নাটোরের গুরুদাসপুরে ‘রুরাল ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার’ নামের একটি বেসরকারি সংস্থা গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। বাসাবাড়িতে নম্বর প্লেট লাগানোর অজুহাতে এ টাকা আদায় করা হয়েছে। ভুয়া রসিদ দিয়ে প্রতিটি বাড়ি থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা রেজুলেশন করে ওই চাঁদাবাজির বৈধতা দিয়েছেন।অনুসন্ধানে জানা গেছে, এনজিওটি গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও কর মূল্যায়ন জরিপের নামে প্রায় ছয় মাস আগে তাদের কার্যক্রম শুরু করে। সংস্থাটি পর্যায়ক্রমে উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ৫৫ হাজার বাড়িতে নম্বর প্লেট লাগানোর কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে চাপিলা ইউনিয়নে আট হাজার ৬৪৭টি, নাজিরপুরে নয় হাজার ৫৫৭টি, ধারাবারিষায় নয় হাজার ১৬৫টি পরিবারে নম্বর প্লেট লাগানো হয়েছে। অন্য ইউনিয়নগুলোতে এখনো তাদের কার্যক্রম চলছে।ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণাবাড়ি গ্রামের আবদুর রহমান অভিযোগ করেন, ‘এনজিওর লোকজন চেয়ারম্যানের কথা বলে নম্বর প্লেট দিয়ে ৩০ টাকা করে নিয়েছে। কিন্তু আমাদের তো টাকা দেওয়ার কথা না। এটা চাঁদাবাজির একটা কৌশল ছাড়া কিছু না। তারা একটা টিনের পাতের ওপর নাম্বার লিখে বাড়ি বাড়ি টাঙিয়ে দিয়ে গেছে।’এদিকে ধারাবারিষা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম জানান, ‘এনজিওটির কোনো রসিদে স্বাক্ষর করিনি। সংস্থাটি আমার স্বাক্ষর জাল করে অবৈধভাবে টাকা আদায় করছে। তারা জরিপ মূল্যায়নের কপি এখনো আমাকে দেয়নি। তাদের কার্যক্রম নিয়ে সন্দেহ রয়েছে।’খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ১ আগস্ট মুঠোফোনে বলেন, ‘প্রায় মাসখানেক আগেই আমার ইউনিয়নে জরিপ ও নম্বর প্লেট লাগানোর কাজ প্রায় ৮০ ভাগ শেষ করে এনজিওটি চলে গেছে। এনজিওটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে জরিপ ও নম্বর প্লেট লাগিয়ে সহযোগিতা করার কথা বলেছিল। জনস্বার্থে সব ইউনিয়নের চেয়ারম্যান মিলিতভাবে রেজুলেশন করে ৩০ টাকা করে আদায়ের অনুমতি দেন।’বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাছ বলেন, ‘এনজিওটি আমার কাছে এসেছিল। কিন্তু তারা টাকা আদায়ের কথা বললে আমি রাজি হইনি। সামনে নির্বাচন। এখন গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিলে ভোটের সময় প্রভাব পড়তে পারে ভেবে আমি রাজি হইনি। তবে আমরা চেয়ারম্যানরা মিলে রেজুলেশন করে এনজিওটিকে কাজ করার অনুমতি দিয়েছি। কিন্তু সেখানে ৩০ টাকা করে আদায়ের কোনো কথা উল্লেখ করা হয়নি বা এনজিওটি সে ব্যাপারে আমাদের কিছু বলেনি।’মশিন্দা ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, ‘এনজিওটি জরিপ ও নম্বর প্লেট লাগানোর কথা বলে রেজুলেশন নিয়েছে। তারা নম্বর প্লেট লাগিয়ে ৩০ টাকা করে আদায় করলেও জরিপের ফলাফল আর জমা দেয়নি। এখন তাদের কোনো হদিস মিলছে না।’ চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মিয়া ও খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম দাবি করেন, ইউনিয়ন কার্যালয়গুলোতে স্থানীয় পরিবারগুলোর অবস্থা সম্পর্কে লিখিত কোনো তথ্য নেই। এনজিওটি গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কোন পরিবারের কয়টি ঘর, শৌচাগারের অবস্থা, কয়টি টিউবওয়েল, কতজন ভিক্ষুক, কতজন বয়স্কভাতা পাচ্ছেন কিংবা পাচ্ছেন না, পরিবারে শিক্ষিতের হার কত ইত্যাদি তথ্য সংগ্রহ করার কথা। পরে ওয়ার্ড ভিত্তিক একটি করে ডাটাবেজ বই ইউনিয়ন কার্যালয়গুলোতে সরবরাহ করাসহ প্রতিটি বাড়ির হোল্ডিং নম্বর প্লেট দিয়ে সহায়তা করার কথা ওই সংস্থার। এ কারণেই তাদের কাজ করার অনুমোদন দেওয়া হয়েছিল। এ জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে ওদের লোকের সঙ্গে চৌকিদার পাঠিয়ে এনজিওটিকে সহায়তাও করা হয়েছিল। এনজিওটির আদায় করা ৩০ টাকা চৌকিদারদের কাজে মজুরি ও হোল্ডিং নম্বর প্লেট লাগানোর খরচ বাবদ ধরা হয়েছে। তাই আর কেউ প্রতিবাদ করেনি। চাপিলা ইউনিয়নের কান্দাইল গ্রামের আবু সাইদ ও রব্বেল জানান, ইউনিয়ন পরিষদের চৌকিদারসহ এনজিওর দুই কর্মী এসে জানান, এখন ৩০ টাকা দিয়ে হোল্ডিং নম্বর প্লেট না নিলে পরে ইউনিয়ন পরিষদ থেকে বেশি টাকায় তা নিতে হবে। এটা সবার জন্য বাধ্যতামূলক।চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মিয়া টাকা আদায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এনজিওর কর্মীরা কাজটি করায় এলাকাবাসী উপকৃত হয়েছেন। তাই বিষয়টিকে আর সেভাবে খতিয়ে দেখা হয়নি। তবে সব ইউপি চেয়ারম্যানরা একমত হয়ে এনজিওটিকে কাজ করার অনুমোদন দিয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও মৌখিকভাবে জানানো হয়েছে।এদিকে যোগাযোগ করা হলে গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, শুনেছি এনজিওটির সরকারি অনুমোদন আছে। তবে তারা কোনো কাগজপত্র উপজেলা পরিষদে জমা দেয়নি। তাদের নির্দিষ্ট কার্যালয়ও নেই। উপজেলার হাজার হাজার মানুষ ৩০ টাকা করে দিয়ে প্রতারিত হয়েছে বলে আমার কাছে মৌখিক অভিযোগ এসেছে। কিন্তু এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। উপজেলা পরিষদের চেয়ারম্যান এনজিওর টাকা নেওয়ার বিষয়টিকে নীরব চাঁদাবাজি হিসেবে উল্লেখ করে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা কীভাবে, কেন আড়াল করেছেন, সেটা বোঝা যাচ্ছে না। তার পরও উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলাবিষয়ক সভায় বিষয়টি তুলে ইউপি চেয়ারম্যানদের কাছে কৈফিয়ত তলব করা হবে।খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরের ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ৭৭৫/৯২ নম্বর রেজিস্ট্রেশনভুক্ত ‘রুরাল ডেভেলপমেন্ট সার্ভিস’ নামে রেজিস্ট্রেশন নিয়েছে ওই এনজিওটি। তবে তাদের সনদে সরকারি রেজিস্ট্রেশন কর্মকর্তার স্বাক্ষর নেই। মুঠোফোনে এ নিয়ে কথা বলতে চাইলে এনজিওটির ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান সাংবাদিক পরিচয় জানার পরই সংযোগ কেটে দেন। পর্যবেক্ষণ কর্মকর্তা ওয়াহিদুর রহমানও একইভাবে ফোনের সংযোগ কেটে দেন।উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন জানান, ‘রুরাল ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার’ নামে কোনো এনজিওর কার্যালয় উপজেলায় না থাকায় তদারক করা যায়নি। অর্থ আত্মসাতের বিষয়টি তাঁর জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এন এম মঈনুল ইসলাম ১ আগস্ট বলেন, ‘এনজিওটির স্থায়ী কোনো কার্যালয় গুরুদাসপুরে নেই। তারা কোনো সনদপত্রও আমার দপ্তরে জমা দেয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ইউনিয়ন পর্যায়ে তারা কাজ করতে পারে। এ বিষয়ে চেয়ারম্যানরা ভালো বলতে পারবেন। তবে এনজিওটি টাকা আদায় করছে বলে আমি অভিযোগ শুনেছি।’