চেয়ারম্যানশাসিত বিমান সর্বত্র বিশৃঙ্খলা
বাংলাদেশ বিমানের কর্মকর্তাদের অভিযোগ, একসময় বিমান ছিল মন্ত্রণালয়শাসিত। কোম্পানি হওয়ার পর এখন হয়েছে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানশাসিত। চেয়ারম্যানকে বিমানকর্মীদের নিয়োগ-বদলি, পদোন্নতি, পদায়নের পূর্ণ কর্তৃত্ব দিয়ে ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর পর্ষদের ৬৭তম সভায় সিদ্ধান্ত পাস করা হয়।একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আনুষ্ঠানিকভাবে একজন এমডি বা সিইও থাকলেও বিমানের সিদ্ধান্ত গ্রহণ কার্যক্রম চলে আসছে মূলত চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদের ইচ্ছায়।জামাল উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে গত মার্চ-এপ্রিল দুই মাস বিমানের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’ গঠন করে বিক্ষোভ-মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন, ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করেন। পরে বিমানমন্ত্রীর আশ্বাসে কর্মীরা কর্মসূচি স্থগিত করেন। অবশ্য আন্দোলন চলাকালে এপ্রিলের মাঝামাঝি পদত্যাগ করেন এমডি এয়ার কমোডর (অব.) জাকীউল ইসলাম। যদিও তাঁর পদত্যাগের দাবি করেননি আন্দোলনরত কর্মীরা। চেয়ারম্যান জামাল উদ্দিন এখনো বহাল তবিয়তে আছেন। বিমান বাঁচাও ঐক্য পরিষদ আবার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কোম্পানি হওয়ার পর পরিচালনা পর্ষদ বিমানের সর্বেসর্বা। পর্ষদ মন্ত্রণালয়কে খুব একটা গুরুত্ব দিতে চায় না। পর্ষদের চেয়ারম্যান কে হবেন, তা ঠিক করে প্রধানমন্ত্রীর কার্যালয়। এর আগে জি এম কাদের বিমানমন্ত্রী থাকাকালে চেয়ারম্যান জামাল উদ্দিন একাধিকবার গণমাধ্যমে মন্ত্রীর বিষোদ্গার করেছিলেন। বর্তমান বিমানমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে এমন পরিস্থিতি সৃষ্টি না হলেও জামাল উদ্দিনের দাপট আগের মতোই আছে।চেয়ারম্যানের কারণে এমডিসহ অন্য কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না বলেও অভিযোগ আছে। এ নিয়ে গত ২৪ মে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায়ও আলোচনা হয়েছে। সভায় কমিটির একজন সদস্য বলেন, বিমানের আগের এমডি জাকীউল ইসলাম পরিচালনা পর্ষদের হস্তক্ষেপের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারেননি। আর বিমানমন্ত্রী ফারুক খান বলেন, নতুন এমডিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কীভাবে বিমানকে গতিশীল করা যায়, সেই বিষয়ে এমডিকে স্বাধীনভাবে কাজ করতে হবে। এ ছাড়া সংসদীয় কমিটির পক্ষ থেকেও এমডিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের কথা বলা হয়।সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, কোম্পানি হওয়ার পর বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের অনেক ক্ষমতা। এমডি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি হলেও সিদ্ধান্ত আসে চেয়ারম্যানের কাছ থেকে। এ জন্য এমডিকে স্বাধীনভাবে কাজ করতে বলা হয়েছে। সেটা পালিত হচ্ছে কি না, তা সংসদীয় কমিটির পরবর্তী সভায় জানা যাবে।একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সংসদীয় কমিটির ওই বৈঠকের পর চেয়ারম্যানের সঙ্গে বিমানের ভারপ্রাপ্ত এমডির দূরত্ব বেড়েছে। চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত এমডিকে ঘিরে বিমানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দুটি পক্ষ সৃষ্টি হয়েছে। সর্বত্র অস্থিরতা ও বিশৃঙ্খলা বিরাজ করছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিচালক বললেন, বিমান কে চালাচ্ছে তা স্পষ্ট করে বলার উপায় নেই। এ অবস্থায় অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন কারণে বিতর্কিত বা অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সবচেয়ে সুবিধা হয়েছে।এসব ব্যাপারে চেয়ারম্যান জামাল উদ্দিনের বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হলে বিমান থেকে জানানো হয়, তিনি কয়েক সপ্তাহ ধরে কার্যালয়ে আসছেন না। আর মুঠোফোনও তিনি ধরছেন না।এমডি শেখ নাসেরও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু বলেন, অন্য বিষয়ের চেয়ে বিমানের নিয়মিত পরিচালন কার্যক্রম ঠিক রাখার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন তিনি।