চেয়ারম্যানের ‘মনগড়া’ কমিটিতে থাকতে চান না তাহসিনা
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে চেয়ারম্যানের ‘মনগড়া’ বাছাই কমিটিতে থাকতে রাজি নন শেয়ারহোল্ডার পর্ষদ সদস্য তাহসিনা খাতুন। অনুমতি না নিয়ে কমিটিতে নাম দেওয়ায় তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।গতকাল শুক্রবার গ্রামীণ ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান বরাবর পাঠানো এক বিবৃতিতে তাহসিনা এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, গত বৃহস্পতিবার পর্ষদ সভায় এমডি বাছাইয়ের জন্য বাছাই কমিটি গঠন প্রসঙ্গে আলোচনার সময় তাঁরা (শেয়ারহোল্ডার পর্ষদ সদস্য) তাঁদের মতামত মৌখিক ও লিখিতভাবে জানান। কিন্তু পর্ষদ চেয়ারম্যান এই মতামত অগ্রাহ্য করে তাঁর নিজস্ব প্রস্তাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, যা তাঁরা মানেননি। পরে গণমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পারেন, পর্ষদ চেয়ারম্যানের ‘মনগড়া’ বাছাই কমিটিতে তাঁর নামও রয়েছে। তাহসিনা জানান, আলাপ-আলোচনা না করেই কমিটিতে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ জন্য তিনি ক্ষুব্ধ ও দুঃখিত। বাছাই কমিটি থেকে তিনি তাঁর নাম বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।অভিযোগ আছে, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোজাম্মেল হক শেয়ারহোল্ডার নয়জন নারী সদস্যের মত উপেক্ষা করে নিজের পছন্দের পাঁচ সদস্যের বাছাই কমিটি চাপিয়ে দেন। এই কমিটির প্রধান বর্তমানে জাতিসংঘে কর্মরত শামসুল বারী।ইউনূসই কমিটির চেয়ারম্যান হওয়ার যোগ্য: গত বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডাররা ড. ইউনূসকে চেয়ারম্যান করে বাছাই কমিটি গঠনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। সভায় চেয়ারম্যান বরাবর শেয়ারহোল্ডাররা লিখিত প্রস্তাবও দেন। শেয়ারহোল্ডাররা হলেন সাজেদা, রেহেনা আক্তার, সুলতানা, তাহসিনা খাতুন, ছালেহা খাতুন, পারুল বেগম, মেরিনা, সাহিদা বেগম ও মোমেলা বেগম। গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ শেয়ারহোল্ডারের পক্ষে এই নয়জন নারী পর্ষদ সদস্য হন।ওই পর্ষদ সদস্যদের লিখিত প্রস্তাবে বলা হয়, ২০১১ সালের ২৬ জুলাই পরিচালনা পর্ষদের ৯৩তম সভায় তৎকালীন শেয়ারহোল্ডাররা মুহাম্মদ ইউনূসকে চেয়ারম্যান করে গ্রামীণ ব্যাংকের জন্য একজন এমডি নিয়োগের ব্যাপারে বাছাই কমিটি গঠন করে দেন। পরিচালনা পর্ষদের পরবর্তী সভাগুলোতেও একই বাছাই কমিটি বহাল রাখার সিদ্ধান্ত নেন তাঁরা। তাঁদের আশঙ্কা, মালিকানা দখলের মাধ্যমে গ্রামীণ ব্যাংককে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক বা শিল্প ব্যাংকের মতো ঝুঁকিতে ফেলে দেওয়া হবে।প্রস্তাবে বলা হয়, গ্রামীণ ব্যাংকের পরবর্তী এমডি নিয়োগে বাছাই কমিটির চেয়ারম্যান হওয়ার জন্য অধ্যাপক ইউনূসই সবচেয়ে যোগ্য ব্যক্তি। কারণ, তিনি ক্ষুদ্রঋণের পথিকৃৎ ও গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ছাড়াও সবচেয়ে দীর্ঘ সময় এই ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেছেন। তাঁর মেধা ও গতিশীল নেতৃত্বে গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার অর্জন করেছে।শেয়ারহোল্ডাররা সভায় ড. ইউনূসের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট বাছাই কমিটির প্রস্তাব দেন। তাঁদের প্রস্তাবিত কমিটির অন্য সদস্যরা হলেন আকবর আলি খান, খালেদ শামস, কামরুল হাসান ও বর্তমান বোর্ড সদস্য তাহসিনা খাতুন।জোবরাবাসীর উদ্বেগ: চট্টগ্রাম থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, ক্ষুদ্রঋণদাতা-প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের অংশীদার পরিচালকদের ব্যাংক পরিচালনার ক্ষমতা খর্ব করে সরকার নতুন অধ্যাদেশ জারি করায় জোবরা গ্রামের অধিবাসীরা উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার জোবরা গ্রামের ৯০ জন অধিবাসী এক বিবৃতিতে এই উদ্বেগ জানান।