আজ বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক গুলশান এভিনিউ। নিমা রহমানের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন তাহমিনা সুলতানা মৌ। কথা হলো তাঁর সঙ্গে। এ মুহূর্তে কোন কোন কাজ নিয়ে ব্যস্ত?গুলশান এভিনিউ ও অলসপুর ধারাবাহিক প্রচারিত হচ্ছে। সামনে প্রচারিত হবে উইল পাওয়ার ও জননী। আসলে আমি ৩০ দিনই কাজ করতে চাই না। স্বামী ও সংসারে সময় দিতে হয়। নিজের জন্যও তো কিছুটা সময় লাগে। অভিনয়জগতে শুরুটা কীভাবে?ছোটবেলা থেকেই শিবলী মহম্মদ ও শামীম আরা নীপার কাছে নাচ শিখতাম। এরপর আফজাল হোসেনের পরিচালনায় কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছি। মোস্তফা সরয়ার ফারুকীর চোর চোর নাটকের মধ্য দিয়ে অভিনয় শুরু। মাঝে একটা বিরতি দিয়ে আবার ফিরেছি। মঞ্চেও কাজ করেছি।আপনি তো একসময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনয়শিল্পী শাবনাজের ছোট বোন। শুরুটা তাহলে চলচ্চিত্র দিয়ে হলো না কেন?আপু যখন অভিনয় করতেন, তখন আমি ছোট। সে সময় অনেকেই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। সে সময় রাজি হইনি। শাবনাজের বোন হলেও আমি চেয়েছিলাম নিজের পরিচয়ে বড় হতে। তাই শুরুটা হয়েছে ছোট পর্দার মাধ্যমে। আমি শাবনাজের বোন, এটা আমার জন্য অনেক কিছু। এই পরিচয় ব্যবহার করতে চাইনি। তবে কাজ ভালো না করলে শুধু শাবনাজের বোন হিসেবে টিকে থাকতে পারব না। কেউ যখন বলে শাবনাজ তোমার বোন, খুব গর্ববোধ হয়। এখন আপুও আমাকে নিয়ে গর্বিত।তাহলে কি চলচ্চিত্রে অভিনয় করবেন না?অবশ্যই করব। কিন্তু ভালো পরিচালক, চিত্রনাট্য—সব মিলিয়ে আমার পছন্দ হলে, তবেই অভিনয় করব। শুনেছি একটি চলচ্চিত্রের ডাবিংয়ের কাজ করছেন?সোহানুর রহমান সোহানের সে আমার মন কেড়েছে চলচ্চিত্রে তিন্নির চরিত্রে ডাবিং করছি। এটি তিন্নির প্রথম চলচ্চিত্র। শখের বশে কাজটা করেছি। কষ্টও আছে, তবে উপভোগ করেছি। ভবিষ্যতে ভালো লাগলে করব।‘গুলশান এভিনিউ’য়ে তো আপনার চরিত্রটি নেতিবাচক।একজন অভিনয়শিল্পীকে সব চরিত্রেই অভিনয় করতে হবে। নেতিবাচক চরিত্র হলেও দর্শক এটি ভালোভাবে গ্রহণ করেছে। সাড়ে তিন বছর ধরে এ চরিত্রে অভিনয় করছি। অভিনয়ের সুযোগ আছে অনেক। অনেকেই বলেন, বাস্তবের সঙ্গে মিল নেই। এটি পুরোপুরি ঠিক নয়। প্রতিটি পরিবারে নানা ধরনের সংকট, টানাপোড়েন থাকে। সেসব বিষয়ই কল্পনার সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হয়েছে।