চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক চৈতা পাগল। এটি লিখেছেন বৃন্দাবন দাস। পরিচালনা ও নাটকটির নাম ভূমিকায় অভিনয় করছেন মাহফুজ আহমেদ। কথা হলো তাঁর সঙ্গে।নাটকটির নাম ‘চৈতা পাগল’। কিন্তু পুরো নাটকে চৈতা অনেকের তুলনায় বেশ স্বাভাবিক।চৈতা শুধু বছরের চৈত্র মাসে অস্বাভাবিক আচরণ করে। এ কারণেই গ্রামের সবাই তাকে ‘চৈতা পাগল’ বলে। আমরা টানা ১১ দিন কাজ করে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরেছি। এবার এই অস্বাভাবিক চৈতার অংশটির কাজ করে এলাম। অস্বাভাবিক চৈতাকে ফুটিয়ে তোলার জন্য আমি প্রচণ্ড পরিশ্রম করেছি। মাথা ন্যাড়া করেছি। আসলেই, অস্বাভাবিক হওয়া সহজ কাজ নয়। এই পর্বগুলো দর্শক সামনে দেখতে পাবেন। অস্বাভাবিক হওয়ার পর চৈতা কেমন আচরণ করছে?স্বাভাবিক থাকার সময় চৈতার কথার যন্ত্রণা সবাইকে সহ্য করতে হয়েছে। কিন্তু অস্বাভাবিক হওয়ার পর চৈতা একেবারেই চুপ হয়ে গেছে। গাছের ওপরে উঠে বসে থাকে। গ্রামের বাচ্চারা তার দিকে ঢিল ছোড়ে। নানাভাবে তাকে বিরক্ত করে। চৈতা কিন্তু সবাইকে উপকার করেছে। কিন্তু এখন চৈতার পাশে কেউ নেই। শুধু আলতা (জয়া আহসান) তার খোঁজখবর নেয়, খাবার দেয়। এ নিয়ে আবার গ্রামের মানুষ নানা কথা বলে।আর কোনো ধারাবাহিকে কাজ করছেন?চৈতা পাগল ছাড়া আর কোনো ধারাবাহিকে কাজ করছি না। চৈতার মাঝে আমি পুরোপুরি ডুবে গেছি। তবে মাঝেমধ্যে এক ঘণ্টার নাটক করছি। সামনেই জয়ার সঙ্গে একটি নাটক করার জন্য কক্সবাজারে যাব। এটি পরিচালনা করবেন আকরাম খান।আজ থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। খেলা দেখার ইচ্ছা আছে?অবশ্যই। বাংলাদেশ যে কটি খেলা খেলবে, অনেক কাঠ-খড় পুড়িয়ে সব কটির টিকিট সংগ্রহ করেছি। প্রতিটি খেলা আমি আর আমার স্ত্রী ইশরাত জাহান কাদের একসঙ্গে স্টেডিয়ামে গিয়ে দেখব। ও তো এখন দেশেই আছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করছে।