চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান ১৮ ঘণ্টা সরাসরি
চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারা ও চ্যানেল আই আয়োজন করেছে দুই দিনব্যাপী উৎসব। এর মধ্য থেকে মোট ১৮ ঘণ্টার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। ১৩ এপ্রিল সন্ধ্যা ছয়টায় শুরু হবে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান। চলবে রাত ১২টা পর্যন্ত। বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে ১৪ এপ্রিল ভোর পৌনে ছয়টায়। একটানা চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। শুরুতেই থাকবে দুই ঘণ্টার ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’ আয়োজন। গতকাল বুধবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা। বর্ষবরণ অনুষ্ঠানে দিনের বিভিন্ন সময় অংশ নেবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, ফেরদৌস আরা, কনকচাঁপা, সৈয়দ আব্দুল হাদী, কিরণ চন্দ্র রায়, রফিকুল আলম, ফরিদা পারভীন, আবিদা সুলতানা, আইয়ুব বাচ্চু প্রমুখ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে থাকবে বাংলার ঐতিহ্যবাহী মেলা। দুই দিনের পুরো আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।