চোখ উৎপাটিত ২ জনের মৃত্যু, আরও ৫ জলদস্যু আটক
ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরিতে চোখ উৎপাটিত সাতজন জলদস্যুর মধ্যে দুজন মারা গেছেন। এঁরা হলেন—লোকমান (৩৫) ও মোতাহার (৩০)। অন্যদিকে উপজেলার কলমী ইউনিয়নের বাবুরহাট এলাকায় গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে স্থানীয়রা আরও পাঁচজন জলদস্যুকে আটক করে পিটুনি দেয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ।চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে পুলিশ নয়জন জলদস্যুকে হাসপাতালে আনে। তাঁদের মধ্যে লোকমান পথেই মারা যান। আর মোতাহার হাসপাতালে মারা গেছেন। প্রচুর রক্তক্ষরণে বাকি সাতজনের অবস্থাও গুরুতর। তাদেরকে ভোলায় পাঠানো হয়েছে। এঁরা হলেন—রুহুল আমিন (৪০), আ. রহমান (৩৫), নূরনবী (৩৫), আবদুল মান্নান (৪৫), আবদুস শহিদ (৩০), নূর মোহাম্মদ (৪৫) ও লুৎফুর রহমান (৩৫)। এঁদের বাড়ি ভোলার বিভিন্ন উপজেলায়।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, সাগর মোহনায় ডাকাতির খবর পেয়ে পুলিশ মেঘনা ও সাগর মোহনায় টহল দিচ্ছিল। জেলেদের হাতে ডাকাত ধরা পড়েছে শুনে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষুব্ধ জনতা ডাকাতদের চোখ তুলে ফেলে। এ সময় আটক হওয়া ডাকাতদের কাছ থেকে একটি কাটা রাইফেল, একটি বন্দুক, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ২১টি কার্তুজসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে। গতকাল রাত ১০টার দিকে উপজেলার কলমী ইউনিয়নের বাবুরহাট এলাকা থেকে স্থানীয়রা পাঁচ জলদস্যুকে আটক করে পিটুনি দেয়। তাঁদের মধ্যে নূর মোহাম্মদ (৪৫) ও লুৎফুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজন তাজুল ইসলাম, রুবেল, মোহাম্মদ আলীকে থানায় আটক রাখা হয়েছে। এঁদের কাছ থেকে একটি চাইনিজ রাইফেল, দুটি পাইপগান, চারটি কার্তুজ, একটি খোসা ও একটি দা উদ্ধার করা হয়েছে।