চোখ জুড়ানো অর্কিড
আমাদের বৃষ্টিবহুল চিরসবুজ বনে দেখা যায় এই অর্কিড। বিশেষ করে পরিণত গাছগুলোর কাণ্ড ও ডালপালায়। সব গাছেই যে এই অর্কিডের দেখা মিলবে তা নয়। তবে গ্রীষ্মের মাঝামাঝি থেকে প্রাকবর্ষায় পুরোনো গাছগুলোতে ফক্সটেইল অর্কিড চোখে পড়ে মূলত এর ফুলের জন্য। এ সময় থেকেই অর্কিডটির বাহারি ফুলগুলো ফুটতে শুরু করে। বর্ষাজুড়েই এর শোভা উপভোগ করা যায়।কয়েক বছর আগে টেকনাফে যাওয়ার পথে রামুর বিক্ষিপ্ত বনে ফক্সটেইল অর্কিডের দেখা মিলেছিল। কিন্তু অপর্যাপ্ত আলো আর উচ্চতার কারণে সেবার ছবি তোলা যায়নি। কয়েক দিন আগে বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজের একটি শতবর্ষী গাছে অর্কিডটি দেখা গেল। ঢাকায় আছে বলধা গার্ডেনের সাইকিতে এবং মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে।আজকাল অনেকেই শখ করে অর্কিড চাষ করেন। গাজীপুরে বাণিজ্যিকভাবেও অর্কিডের চাষ হয়। আমাদের প্রাকৃতিক বনভূমিগুলো ক্রমশ বিলুপ্ত হয়ে যাওয়ায় এ ধরনের অর্কিড এখন দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। বিশেষ করে পুরোনো গাছগুলোই এদের প্রধান আশ্রয়। আর বৃক্ষ হন্তারকদের প্রধান লক্ষ্যই থাকে পুরোনো গাছগুলো। খাসিয়া পাহাড়ের প্রখ্যাত নীল ভেন্ডাও এখন অতি বিপন্ন। বাংলাদেশে সবগুলো অর্কিড গড়পড়তা ‘রাস্না’ নামেই পরিচিত। তবে ভেন্ডা প্রজাতির ক্ষেত্রেই নামটি বেশি প্রযোজ্য।আলোচ্য অর্কিডটি ফক্সটেইল (Rhyncostylis retusa) অর্কিড নামে বেশি পরিচিত। সম্ভবত ঝুলন্ত মঞ্জরিতে অসংখ্য ফুলের বিন্যাস কিছুটা স্ফীত বলেই শেয়ালের লেজের সঙ্গে এর তুলনা করা হয়েছে। কারণ গোলাকার মঞ্জরিদণ্ডটি শেয়ালের লেজের মতো কিঞ্চিৎ ফোলানো। এটি আমাদের সবচেয়ে সুন্দর অর্কিড। দেখতে ভেন্ডার মতো, তবে আকারে আরও বড়। পাতা খাদাল ও লম্বা, ফুলের পাশে গাঢ়-সবুজ রঙের লম্বা পাতাগুলো ঝুলে থাকে বলে ফুলের সৌন্দর্য আরও বাড়ে।বায়ুমূল পুরুষ্টু ও ছড়ানো। পাতার কক্ষ থেকে ২৫-৩০ সেন্টিমিটার লম্বা ঝুলন্ত মঞ্জরিতে শতাধিক সুগন্ধি বেগুনি-সাদা ফুল ঠাসাঠাসি করে থাকে। একসঙ্গে এত উজ্জ্বল ফুলের ক্রমবিন্যাসই সবচেয়ে বেশি আকৃষ্ট করে। এরা মূলত পরাশ্রয়ী শ্রেণীর অর্কিড। আমাদের দেশে আবার ভূমিজ অর্কিডও আছে। ফক্সটেইল অর্কিড সবচেয়ে বেশি দেখা যায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভারতে। ভারতের উড়িষ্যা ও অরুণাচলে এটি সংখ্যায় বেশি। আমাদের সিলেট ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে এখনো অল্প পরিমাণে টিকে আছে।