চোখ জুড়ানো ‘নীল থ্রাস’
তার প্রিয় বসার জায়গা মাটিতে পোঁতা বাঁশের খুঁটি বা বাঁশের শীর্ষদেশ, মরা সুপারিগাছের দণ্ড, মন্দির, মঠ, মসজিদের চূড়া, মিনারসহ খোলামেলা জায়গার যেকোনো উঁচু স্থান। বসে সে ওপরে। নজর থাকে নিচের দিকে। পোকা, পতঙ্গ, কীট, ব্যাঙের ছানা, বিছা, উইপোকা, অঞ্জনের ছোট ছানা ইত্যাদি নজরে পড়ামাত্র তীরবেগে নেমে এসে শিকার মুখে ধরে আবার আগের জায়গায় বসে। ওখানে বসেই খায়। তারপর আবারও নজর বোলায় চারদিকে। এভাবে একই জায়গায় বসে সে দিনের পর দিন খাবার খোঁজে। আশপাশে আর খাবার না মিললে তবেই জায়গা বদল করে। শিকার একটু বড় বা বেয়াড়া ধরনের হলে ঠোঁটে চেপে মাটিতে আছড়ে মারে। উঁচু জায়গায় বসে যখন সে ইতিউতি তাকায়, তখন তার অবয়বে ফুটে ওঠে ধ্রুপদি ভঙ্গিমা। পাখিটি উড়ন্ত পোকা, পতঙ্গকে যখন ধাওয়া করে, তখন তাকে দক্ষ ‘অ্যাক্রোবেট’ বলে মনে হয়। নিরীহ টাইপের চকচকে কালো চোখ দুটিতে সব সময় যেন একটা ভয় ভয় ভাব জেগে থাকে। ওড়ার ভঙ্গিটিও ভারি সুন্দর। পোকা-পতঙ্গখেকো দোয়েল, বাদামি কসাই ও ফিঙেদের সঙ্গে বসার জুতসই জায়গাটা নিয়ে দ্বন্দ্ব লাগে অনেক সময়। নাছোড়বান্দা স্বভাবের এই পাখি তার অধিকার ছাড়ে না সহজে।একনজরে পাখিটি নীল বা আসমানি-নীল। তাই এর নাম ‘নীল থ্রাস’, শরীরে কত রকম নীলের যে কারুকাজ! দূর থেকে পাখিটিকে কালো বলেই মনে হয়। এদের শরীরের রং যেন ঘন ঘন বদলে যায়। আসলে রং বদলায় না, সূর্যের আলো ও অবস্থান পরিবর্তনের কারণেই এ রকম মনে হয়। বুকজুড়ে আছে এদের মলা মাছের আঁশের মতো সাদাটে রঙের অস্পষ্ট ছিট। বক্র গ্রীবায় যখন স্থির তাকিয়ে থাকে কোনো শিকারের দিকে, তখন এদের শিল্পীর গড়া ভাস্কর্যের মতো লাগে। আকারে-গড়নে, স্বভাবে-চরিত্রে এই নীলরঙা পাখিটি আমাদের জাতীয় পাখি দোয়েলের মতোই। তাই বুঝি ফকিরহাট, বাগেরহাটে এটি ‘নীল দোয়েল’ নামে পরিচিত। স্ত্রী পাখিটির শরীরে কিন্তু নীল রং নেই।পরিযায়ী পাখি এটি। শীতকালে সারা দেশেই এদের দেখা যেতে পারে। সংখ্যায় একেবারেই কম। ঢাকা শহরেও দেখা মিলতে পারে। পাখিটির ইংরেজি নাম ‘ব্লু রক থ্রাস’। বৈজ্ঞানিক নাম মনটিকোলা সলিটারিস। শরীরের মাপ ২০-২৩ সেন্টিমিটার।ঝোপঝাড় বা ছোট ঘাসবনের পোকা-পতঙ্গ এরা দুই ডানার বাতাসের ঝাপটায় বের করে আনতে পারে। কখনো কখনো খেজুরের রস ঘন করতে দেখা যায়। শেষ বিকেলে গোসল করে এরা। তারপর পালক শুকায় ও প্রসাধন করে। পারতপক্ষে ডাকে না এরা। ভয় পেয়ে উড়লে দু-একবার ডাক ছাড়ে। খুব সুন্দর পাখি এরা। লেজের উপরিভাগটা কালচে। চোখের পাশটাতে আছে যেন কাজলের ছোট্ট একটু টান।