চোখ বন্ধ করে রাস্তা পার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার খোলাবাড়ি গ্রামে বাস করেন আজিজ মিয়া (৪২)। চাকরি করেন শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে । এ জন্য প্রতিদিন রিকশাযোগে শহরে আসেন। কিন্তু চোখ বন্ধ করে শহরে ঢোকেন তিনি। কারণ খোলাবাড়ি থেকে শহরে ঢোকার পথে খানকাশরিফ এলাকায় সড়কঘেঁষেই রয়েছে করাতকল। আজিজ বলেন, ‘চোখ বন্ধ করে করাতকল অতিক্রম না করলে বিপদ। কখন কাঠের গুঁড়ো চোখে পড়বে বলা যায় না। তাই সতর্ক থাকছি।’ এ সমস্যা শুধু আজিজের একার নয়, শহরে চলাচলকারী হাজার হাজার মানুষের। শহর ঘুরে দেখা গেছে, শহরের প্রতিটি প্রবেশপথে অবৈধভাবে করাতকল (স-মিল) গড়ে উঠেছে। ফলে যেমন পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছে তেমনি শহরের পরিবেশ মারাত্মক দূষিত হয়ে পড়েছে। খানকাশরিফ এলাকার স্টুডিওমালিক মিতা হক বলেন, পথচারীদের চোখ বন্ধ রাখার দৃশ্য প্রতিদিনই দেখছি। বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ সড়কের ওপর এসব কল বসানো হয়েছে। অথচ ফাঁকা ও জনশূন্য এলাকায় স-মিল বসানোর নিয়ম। একশ্রেণীর কাঠ ব্যবসায়ী স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগসাজশে জনগুরুত্বপূর্ণ এলাকায় এসব করাতকল গড়ে তুলেছেন। শহরে এ ধরনের কল প্রায় ২৫টি। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ ব্রিজ রোড, ভি-এইড রোড, সাদুল্যাপুর রোড, ফলিয়া রোড, ডিবি রোড ও গোডাউন রোডে করাতকলের ব্যবসা এখন জমজমাট। এ ছাড়া সাত উপজেলার বিভিন্ন সড়কঘেঁষে দুই শতাধিক করাতকল গড়ে উঠেছে। এসব সড়কের উভয় পাশ ঘেঁষে কলগুলো গড়ে ওঠায় নানাবিধ সমস্যা দেখা দিয়েছে। করাতকলের গুঁড়ো বর্তমানে এত বেশি পরিমাণে ছড়িয়ে পড়ছে যে, চোখে চশমা ব্যবহার করেও ক্ষতি এড়ানো যাচ্ছে না। সাদুল্যাপুর রোডের স্কুলশিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, কাঠের গুঁড়ো চোখের মারত্মক ক্ষতি করছে। বিশেষত স্কুল-কলেজগামী ছেলেমেয়েরা বেশি বিপদে পড়েছে। এর চেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে চেরাইয়ের জন্য আনা বিশাল বিশাল গাছের গুঁড়ি সড়কের পাশে রাখায়। কোনো কোনো ক্ষেত্রে অর্ধেক সড়কজুড়ে রাখা হয়েছে গাছের গুল। ফলে সরু সড়কগুলো আরও সরু হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ব্রিজ রোড এলাকার কলেজছাত্র সামিউল ইসলাম বলেন, করাতকলের ডাস্টজাতীয় গুঁড়ো চোখের মারাত্মক ক্ষতি করছে। চলন্ত অবস্থায় কাঠের গুঁড়ো বাতাসে উড়ে বিভিন্ন যানচালকের চোখে লাগায় দুর্ঘটনা ঘটছে। ভিএইড রোডের বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল হক বলেন, চশমা ব্যবহার করেও করাতকল এলাকা দিয়ে মোটরসাইকেল চালানো দুস্কর। এসব এলাকা থেকে করাতকল উচ্ছেদের জন্য পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। এদিকে কিছুদিন আগে ব্রিজ রোডে একটি চিঁড়ার মিল গড়ে উঠেছে। সব মিলিয়ে উল্লিখিত সড়কগুলো এখন জনগণের জন্য ভীতিকর হয়ে উঠেছে। এ ব্যাপারে ব্রিজ রোডের কাঠ ব্যবসায়ী ও করাতকলের মালিক সালাম মিয়া বলেন, যোগাযোগব্যবস্থার সুবিধার জন্য সড়কের ওপর এ ব্যবসা গড়ে তোলা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত কর দেওয়া হচ্ছে। গাইবান্ধা পরিবেশ আন্দোলনের আহ্বায়ক ওয়াজিউর রহমান বলেন, জনগণের মারাত্মক ক্ষতি হচ্ছে জেনেও অজ্ঞাত কারণে স্থানীয় প্রশাসন এসব করাতকল উচ্ছেদে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর ফলে দিনের পর দিন গাইবান্ধায় পরিবেশ দূষণের কারণে দেখা দিচ্ছে নানা ধরনের জটিল রোগ। গাইবান্ধা পৌর মেয়র আনোয়ার-উল-হাসান বলেন, আপাতত করাতকল উচ্ছেদের কোনো কর্মসূচি নেই। তবে শহরের গুরুত্বপূর্ণ ও জনবসতি এলাকা থেকে ফাঁকা জায়গায় বসানোর জন্য করাতকলের মালিকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।