চোখ বাঁধা ও হাতকড়া পরানোর কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যকে আটকের পর তাঁদের চোখ বেঁধে ফেলা এবং হাতকড়া পরানোর কথা স্বীকার করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) কর্মকর্তারা।গতকাল সোমবার সেগুনবাগিচায় এনএসআইয়ের প্রধান কার্যালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় সংস্থার দুই পরিচালক বলেন, এ ঘটনা এবং এ নিয়ে গণমাধ্যমে যে অপপ্রচার হচ্ছে, তা তদন্তের জন্য তাঁরা প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পাঠাবেন।এদিকে ঘুষ লেনদেনের অভিযোগে এনএসআইয়ের হাতে আটক হওয়া ডিবির তিন কর্মকর্তা এখনো রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত নন বলে জানিয়েছেন। গতকালও তাঁরা বলেন, পরিচয় পাওয়ার পরও এনএসআইয়ের ১০-১২ জন লোক তাঁদের চারদিক থেকে ঘিরে ফেলে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারেন।৬ অক্টোবর রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের সামনে থেকে ডিবির তিন কর্মকর্তাকে আটক করে এনএসআইয়ের একটি দল। তাঁরা হলেন পরিদর্শক রুহুল আমিন, মো. গিয়াসউদ্দিন ও সফিউদ্দিন শেখ। পরে তিন কর্মকর্তাকেই সাময়িক বরখাস্ত করে পুলিশ। ঘটনার তদন্তে ডিবির যুগ্ম কমিশনার মীর শহিদুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে পুলিশ।একাধিক সূত্র জানায়, ডিবির তিন কর্মকর্তাকে আটকের পর এনএসআই ও ডিবির মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। ৮ অক্টোবর পুলিশ অ্যাসোসিয়েশনের নিয়মিত সভায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কর্মকর্তারা। ঘটনার শিকার এক কর্মকর্তা এ ব্যাপারে মামলা করার অনুমতি চাইলেও এখনো কর্তৃপক্ষ সেই অনুমতি দেয়নি।এনএসআইয়ের পরিচালক সফিক উল্লাহ গতকাল নিজের দপ্তরে কয়েকজন সাংবাদিকের সঙ্গে এ নিয়ে কথা বলেন। এ সময় সংস্থার আরেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী এ এস এম আরিফ ও অতিরিক্ত পরিচালক লে. কর্নেল এ কে এম আমিনুল হক উপস্থিত ছিলেন।একাধিক পুলিশ কর্মকর্তা জানান, গতকাল সকালে এনএসআইয়ের মহাপরিচালক আহত তিন কর্মকর্তাকে দেখতে হাসপাতালে যেতে চেয়েছিলেন। তিনি মহানগর পুলিশ কমিশনারকে ফোন করে এ ইচ্ছা ব্যক্ত করেন। পরে বিকেলের দিকে শোনা যায়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার এনএসআইয়ের মহাপরিচালককে সঙ্গে নিয়ে রাজারবাগে আসবেন। কিন্তু শেষ পর্যন্ত কেউই আসেননি।এনএসআইয়ের পরিচালক সফিক উল্লাহ প্রথম আলোকে বলেন, মহাপরিচালক হাসপাতালে যেতে সম্মত হয়েছিলেন কিন্তু পরে আর যাননি। তিনি বলেন, ডিবির তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের আগে সংস্থার মহাপরিচালক প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েছিলেন। অনুমতি পাওয়ার পরই হলি ফ্যামিলি হাসপাতালের সামনে ওত পেতে তাঁদের আটক করা হয়। এটা ঘুষ লেনদেনের ঘটনা ছিল। আগের দিন থেকে তাঁরা সেটা পর্যবেক্ষণ করছিলেন। এ অভিযানের ব্যাপারে আগে থেকেই রমনা থানার অতিরিক্ত পুলিশ সুপারকে জানানো হয়েছিল।জানতে চাইলে রমনা থানার অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এনএসআইয়ের অভিযানের ব্যাপারে তাঁকে কোনো কিছুই জানানো হয়নি। একই তথ্য জানিয়েছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।পুলিশ অ্যাসোসিয়েশনের সভায় এনএসআইয়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ব্যাপারে জানতে চাইলে সফিক উল্লাহ বলেন, একজন পুলিশ কর্মকর্তা কথা বলেছেন। তাঁর বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।পরিচয় পাওয়ার পরও ডিবির তিন কর্মকর্তাকে মারধর করা হলো কেন? জানতে চাইলে সফিক উল্লাহ বলেন, আটকের সময় তাঁদের দুজন কোমরে থাকা অস্ত্র বের করেন। এ সময় অস্ত্র কেড়ে নিতে গিয়ে একজনের চোখে লাগে। এর বাইরে কাউকে নির্যাতন করা হয়নি।ডিবির তিন কর্মকর্তা অভিযোগ করেন, তাঁদের আটক করার পর বেইলি রোডের কার্যালয়ে এনে মারধর করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে পরিচালক সফিক উল্লাহ বলেন, দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁরা কার্যালয়ে ছিলেন। তবে আটকের পর তাঁদের চোখ বেঁধে বেইলি রোডের কার্যালয়ে আনা হয়। কেউ তাঁদের মারধর করেনি। এই কর্মকর্তাদের পকেটে ছয় লাখ ২০ হাজার টাকার চেক ছিল, এগুলো ঘুষের টাকা।পরিচয় পাওয়ার পর ডিবির কর্মকর্তাদের চোখ বাঁধা ও হাতকড়া পরানোর ব্যাপারে জানতে চাইলে সফিক উল্লাহ বলেন, কার্যালয়ে এনে তাঁদের হাতকড়া খুলে দেওয়া হয়েছে। কিন্তু এ ঘটনাকে পুঁজি করে দুই সংস্থার মধ্যে বিরোধ সৃষ্টির জন্য একটি মহল তৎপরতা শুরু করেছে।