চোখ বুজে ব্যাটিং!
এই সময়টায় চেন্নাইয়ে পড়ে গা জ্বলানো গরম। পরশুও ছিল তা-ই। পূর্ব সূচি থাকলেও তাই ভারতের অধিকাংশ ক্রিকেটারই অনুশীলনে এলেন না। কিন্তু একজনের প্রচণ্ড রানক্ষুধার কাছে এই গরমও কোনো বাধা নয়। ইনি শচীন রমেশ টেন্ডুলকার। তিনি ব্যাটিং অনুশীলন করলেন দুই চোখ বুজে।কেন? সহজেই রান আসে, এ রকম অনেক শটই যে তাঁর শেখার আছে! পাওয়ার প্লের সময় শর্ট কভার, শর্ট পয়েন্টের ফিল্ডারদের মাথার ওপর দিয়ে মারতে পারলেই বাউন্ডারি। বোলিং কোচ এরিক সিমন্সকে বল করতে বললেন। তারপর কয়েকজন তরুণ ক্রিকেটারকে শর্ট কাভার আর শর্ট পয়েন্টে দাঁড় করিয়ে দুই চোখ বুজে টেন্ডুলকার চালিয়ে গেলেন ব্যাটিং অনুশীলন। কখনো তাদের মাথার ওপর দিয়ে, কখনো কাছাকাছি দাঁড়ানো দুই ফিল্ডারের ফাঁকা দিয়ে বল পাঠাতে লাগলেন বিস্ময়করভাবে।এদের একজন তামিলনাড়ুর অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এক ক্রিকেটার তো মহা বিস্মিত, ‘আমি জানি না, তিনি কীভাবে এটা করলেন...। কিন্তু আমরা আমাদের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। কারণ, বল বারবার চলে যেতে লাগল আমাদের মাঝখান দিয়ে।’এমন নয় যে রান পাচ্ছেন না। রান টেন্ডুলকার করেই যাচ্ছেন। এই বিশ্বকাপেই করেছেন দুটি সেঞ্চুরিসহ ৩২৪ রান। কিন্তু এখনো ভারত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেনি। আজ চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সব সংশয় মুছে ফেলতে ভারতের জয় চাই এই ম্যাচে।দলের লক্ষ্যের সঙ্গে টেন্ডুলকারের ব্যক্তিগত একটা লক্ষ্য বাধা থাকা খুবই সংগত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যাটা নিয়ে গেছেন ৯৯-তে। আর একটা তিন অঙ্কের জাদু-সংখ্যা দেখলেই তো সেঞ্চুরির সেঞ্চুরি। আজ তাই টেন্ডুলকারের ব্যাটে সেঞ্চুরির প্রার্থনাই করে যাবে ৩৮ হাজার দর্শক। আর এটা তো জানাই, চিদাম্বরম স্টেডিয়াম টেন্ডুলকারকে সব সময়ই দুই হাত ভরে উপহার দেওয়ার অপেক্ষায় থাকে।তবে কি এই মাইলফলকের দিকে তাকিয়েই টেন্ডুলকারের এই ‘বিশেষ’ অনুশীলন। টেন্ডুলকার অবশ্য রেকর্ড, মাইলফলক নিয়ে কথা বলতে রাজি নন। হতে পারে, নিজে সেঞ্চুরি করেও যখন জয়ের উৎসব তেমন করতে পারছেন না ভারতের ‘ক্রিকেট দেবতা’, নিজের হাতে ব্যাটিংয়ের সবটুকু কাজ শেষ করে আসতে চান। খেলতে চান পুরো ৫০ ওভার। সতীর্থদের জন্য ফেলে রাখতে চান না নিজে যা করতে পারেন তার কোনো কিছুই। গত ১২ মার্চ নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শিক্ষা তো একটা পেয়েছেনই। ওয়েবসাইট।