দুই পক্ষের আইনজীবীদের মধ্যে দফায় দফায় তর্ক ও বাগিবতণ্ডার মধ্য দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে গতকাল সোমবার জবানবন্দি দেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। তাঁকে ‘মিথ্যুক’ হিসেবে উল্লেখ করেছেন আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম।গতকালের কার্যক্রমের একপর্যায়ে সাকা চৌধুরী ঔদ্ধত্যপূর্ণভাবে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উদ্দেশে বলেছেন, ‘চোখ রাঙাবেন না।’ ট্রাইব্যুনাল তাঁকে শেষবারের মতো সতর্ক করে আদেশে বলেছেন, আইনজীবী থাকা সত্ত্বেও তিনি যদি যখন-তখন উঠে দাঁড়িয়ে কথা বলা বন্ধ না করেন, তবে তাঁর অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চালানো হবে।আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ড. আনিসুজ্জামানের জবানবন্দি নেন। জবানবন্দির একপর্যায়ে তাঁর এক প্রশ্নে ট্রাইব্যুনাল আপত্তি জানিয়ে বলেন, ‘এটা লিডিং প্রশ্ন। যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হবে, সে প্রশ্ন করা যাবে না।’ কৌঁসুলি এর বিরোধিতা করলেও ট্রাইব্যুনাল আবারও প্রশ্নটি ঠিকভাবে করতে বলেন। একই প্রশ্ন নিয়ে কয়েকবার আপত্তি জানানোর পর ট্রাইব্যুনাল বলেন, ‘আপনি জ্যেষ্ঠ আইনজীবীদের কাছ থেকে পরামর্শ নেন যে কীভাবে প্রশ্ন করতে হবে।’ কৌঁসুলি এ সময় বিধিমালার ১৯(১) বিধির উল্লেখ করলেও ট্রাইব্যুনাল তাঁর সিদ্ধান্তে অবিচল থাকেন।পরবর্তী পর্যায়ে কৌঁসুলির আরেকটি প্রশ্ন নিয়ে আপত্তি ওঠে। এ সময় আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, সাক্ষী নিজের মতো করে জবানবন্দি দিয়ে যাক। পরে প্রয়োজন হলে রাষ্ট্রপক্ষ কোনো প্রশ্ন করবেন।এরপর কোনো বিঘ্ন ছাড়াই আনিসুজ্জামান জবানবন্দি শেষ করলে জেয়াদ-আল-মালুম প্রশ্ন করেন, সাকা চৌধুরী ট্রাইব্যুনালে আছেন কি না? আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক এ সময় বলে ওঠেন, ‘এটা কোনো প্রশ্ন হলো? হি ইজ দ্য অনলি ম্যান ইন দ্য ডক।’ তিনি আরও বলেন, ‘উনি যে সাক্ষ্য দিলেন, সেটা ওনার তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া বক্তব্যের সঙ্গেও মেলেনি, তাঁর লেখা বইয়ের সঙ্গেও কোনো মিল নেই। উনি একটাও সত্য কথা বলেননি।’ট্রাইব্যুনাল বলেন, ‘আপনি এ বিষয়ে মতামত (সাজেশন) দিতে পারেন, কিন্তু কোনো মন্তব্য করবেন না।’ পরে ট্রাইব্যুনালের নির্দেশে সাক্ষীকে জেরা শুরু করেন ফখরুল ইসলাম। জেরায় প্রশ্নের জবাবে আনিসুজ্জামান বলেন, কলকাতার পার্ক সার্কাসে তাঁর জন্ম হয়েছিল। ফখরুল এ সময় আনিসুজ্জামানের লেখা আমার একাত্তর বইয়ের উদ্ধৃতি দিয়ে একটি প্রশ্ন করলে ট্রাইব্যুনাল বলেন, ‘যেহেতু বইটি ট্রাইব্যুনালে দাখিল করা হয়নি, এ জন্য ওই বইয়ের বিষয়বস্তু নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না।’ এ নিয়ে ট্রাইব্যুনালের সঙ্গে বেশ কিছুক্ষণ তর্ক করেন ফখরুল। ট্রাইব্যুনাল বলেন, ‘আপনাকে অবশ্যই বিধি মানতে হবে। প্রশ্ন কীভাবে করতে হয়, তা আপনার জানা উচিত।’পরে ফখরুল বলেন, ‘আপনার জন্ম কলকাতায় নয়।’ আনিসুজ্জামান বলেন, ‘এটা সত্য নয়।’ ফখরুল বলেন, ‘আপনি প্রয়োজন অনুসারে আপনার জন্মস্থান পরিবর্তন করেছেন।’ আনিসুজ্জামান বলেন, ‘আমার জন্মস্থান খুলনা বলে উল্লেখ করা হয়েছিল, পরে আইনগত পরিবর্তন করে কলকাতা করা হয়। ১৯৯৬ সালে আইনগতভাবে জন্মস্থান শুদ্ধ করা হয়েছে।’ কীভাবে এবং কোথায় জন্মস্থান পরিবর্তন করেছেন, ফখরুলের এমন প্রশ্নের জবাবে আনিসুজ্জামান বলেন, ‘১৯৫৫ সালে পাসপোর্ট করার সময় জন্মস্থান খুলনা লেখা হয়েছিল, ১৯৯৬ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে আমি পাসপোর্টে জন্মস্থান শুদ্ধ করার প্রার্থনা করি। তারা সংশ্লিষ্ট কাগজপত্রের ভিত্তিতে পাসপোর্ট কর্তৃপক্ষকে জানালে জন্মস্থান খুলনার বদলে কলকাতা করা হয়।’ফখরুল জানতে চান, ‘আপনি নিজে ১৯৫৫ সালে পাসপোর্টের দরখাস্তে জন্মস্থান লিখেছিলেন?’ আনিসুজ্জামান বলেন, ‘হ্যাঁ।’ রাষ্ট্রপক্ষ এ সময় বলেন, ‘এ প্রশ্নের কী প্রয়োজন?’ ফখরুল জবাবে বলেন, ‘দরকার আছে। কত জায়গায় তিনি মিথ্যা কথা বলেছেন, সেটা দেখাব।’এ সময় ট্রাইব্যুনাল আইনজীবীকে সতর্ক করে বলেন, জেরা করবেন জেরার ভাষায়। কোনো বাজে কথা বললে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এটা ম্যাজিস্ট্রেট আদালত নয়।জেরার একপর্যায়ে ফখরুলের কয়েকটি প্রশ্ন অপ্রাসঙ্গিক হওয়ায় ট্রাইব্যুনাল এগুলো বাদ দেন। ‘আপনি অসাম্প্রদায়িক ভারত থেকে সাম্প্রদায়িক পাকিস্তানে কেন চলে এলেন?’ ফখরুলের এমন এক প্রশ্নে ট্রাইব্যুনাল বলেন, ‘এ প্রশ্ন করা যাবে না।’ তখন কাঠগড়ায় থাকা সাকা চৌধুরী বলে ওঠেন, ‘কেন এ প্রশ্ন করা যাবে না।’ ট্রাইব্যুনাল এ সময় সাকা চৌধুরীর আইনজীবীকে দৃঢ়ভাবে আবার বলেন, ‘এ প্রশ্ন করা যাবে না। দরকার হলে আপনি আবেদন দিয়ে বলবেন, এ প্রশ্ন করা যায়নি, রেকর্ড রাখা হবে। কিন্তু এ প্রশ্ন কোনোভাবেই করা যাবে না।’ফখরুল পরে প্রশ্ন করেন, ‘আপনি তো শরণার্থী হিসেবে ভারত থেকে পূর্ব পাকিস্তানে এসেছিলেন।’ রাষ্ট্রপক্ষ এ প্রশ্নের বিরোধিতা করে বলেন, ‘সাক্ষীকে হেয়প্রতিপন্ন করতে এসব প্রশ্ন করা হচ্ছে।’ তবে আনিসুজ্জামান বলেন, দেশ বিভাগের পর ভারত থেকে যারা পূর্ব পাকিস্তানে এসেছিল, তাদের সবাইকে শরণার্থী বলা যায়। কিন্তু শরণার্থী হিসেবে তিনি কোনো সরকারি সুযোগ-সুবিধা নেননি।ফখরুল জানতে চান, ‘ভারত থেকে কত মুসলমান পূর্ব পাকিস্তানে এসেছিল?’ আনিসুজ্জামান বলেন, ‘অনেকে এসেছিল, সংখ্যা বলতে পারব না।’ এ সময় ফখরুল প্রশ্ন করেন, ‘আপনি কবে পাকিস্তানের নাগরিক হলেন?’ ট্রাইব্যুনাল এ সময় বলেন, ‘এ প্রশ্নও করা যাবে না। এর সমাধান নির্দিষ্ট আইনে করা আছে, আজ এ প্রশ্নের দরকার নেই।’এ সময় এই প্রশ্ন নিয়ে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের মধ্যে আবার তর্ক শুরু হয়। একপর্যায়ে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে সাকা চৌধুরী চিৎকার করে বলেন, ‘কেন প্রশ্ন করা যাবে না, এ প্রশ্নের উত্তর দিতে হবে।’ ট্রাইব্যুনাল আইনজীবীর উপস্থিতিতে সাকা চৌধুরীকে কথা বলতে নিষেধ করেন। আনিসুজ্জামানের উদ্দেশে সাকা চৌধুরী বলেন, ‘আমি তো এখনো তাঁকে জেরা করিনি।’ট্রাইব্যুনাল বলেন, ‘মিস্টার চৌধুরী, উইল ইউ কিপ কোয়ায়েট?’ সাকা চৌধুরী আরও উচ্চ স্বরে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উদ্দেশে বলেন, ‘মিস্টার নিজামুল হক, ডোন্ট শো ইউর রেড আইজ, আই রিকোয়েস্ট ইউ উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হিউমিলিটি।’ এ সময় ট্রাইব্যুনাল আর কোনো কথা না বলে আদেশ দেন। আদেশে বলা হয়, রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীর জেরার সময় আসামি বারবার উঠে দাঁড়ান এবং কথা বলেন। ট্রাইব্যুনাল তাঁকে বসতে অনুরোধ করলেও তিনি বসেননি। এর আগেও ট্রাইব্যুনালের আদেশে বলা হয়েছে, আইনজীবীর উপস্থিতিতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলা যাবে না। তার পরও তিনি তা মানছেন না। ট্রাইব্যুনাল আসামিকে শেষবারের মতো সতর্ক করে দিয়ে বলেন, যদি তিনি এভাবে চালাতে থাকেন, তবে তাঁর অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চালানো হবে।এরপর বেলা একটার দিকে জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।ফখরুল পরে সাংবাদিকদের বলেন, ‘আনিসুজ্জামানকে প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পেরেছি, তাঁর জন্ম কলকাতায়, দেশ বিভাগের সময় উদ্বাস্তু শরণার্থী হিসেবে পাকিস্তানে এসেছেন, কিন্তু তাঁর সব সনদপত্রে তিনি জন্মস্থান খুলনা লিখেছেন। ১৯৫৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি মিথ্যাচার করেছেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে এসে সংশোধন করেছেন। এই যে শরণার্থী হিসেবে তিনি মিথ্যাচার করেছেন, আমি মনে করি, তিনি একটা মিথ্যুক মানুষ। তিনি অযথাই এখানে এসে সাক্ষ্য দিচ্ছেন।’