চোখে-মুখে কান্না নিয়ে কাজ করব
‘আমরা আপনাদেরই (সাংবাদিক) লোক, সাগর-রুনিকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি, যত দিন পর্যন্ত তাঁদের ঘাতকদের শাস্তি না হবে, তত দিন আমি মন্ত্রণালয়ে চোখে-মুখে কান্না নিয়ে কাজ করব।’ আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজ নির্বাচনী এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে হাসানুল হক ইনু সাংবাদিকদের এসব কথা বলেন।বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘সংলাপের মাধ্যমেই গণতন্ত্র সঠিক থাকবে। তিনি (খালেদা জিয়া) নির্বাচনে অংশ নেবেন, নাকি দুর্নীতিবাজ ছেলে, আত্মীয়স্বজন ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করবেন?’বেলা দুইটার দিকে মিরপুর উপজেলা পরিষদ চত্বরে কুষ্টিয়া জেলা জাসদ দলের সভাপতি ও তথ্যমন্ত্রী ইনুকে সংবর্ধনা দেয়। সম্প্রতি তথ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি তাঁর নির্বাচনী এলাকায় গেলেন।আমাদের রাজবাড়ী প্রতিনিধি জানান, কুষ্টিয়া যাওয়ার পথে রাজবাড়ীতে জেলা জাসদের সভাপতি আহমদ নিজাম মন্টুর বাসায় আজ সকালে যাত্রবিরতি করেন হাসানুল হক ইনু। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার ব্যাপারে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। খুনিরা কেউ পার পাবে না। তথ্যমন্ত্রী জানান, নির্যাতিত সাংবাদিক, দুর্ঘটনা ও ঘাতকের হাতে নিহত সাংবাদিকদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। এ ছাড়া জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের ওয়েজবোর্ডের আওতায় আনা ও নিরাপত্তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।