চোখের চিকিৎসার জন্য ভারতে গেলেন রুমানা মনজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুর উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার ভারত গিয়েছেন। বেলা দুইটা ৫৫ মিনিটে কিংফিশার এয়ারওয়েজের ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেছেন। সঙ্গে রয়েছেন তাঁর বাবা মনজুর হোসেন, মা ও মেয়ে আনুশা।রুমানার বাবা মনজুর হোসেন প্রথম আলোকে জানান, রুমানার উন্নত চিকিৎসার জন্য তাঁকে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয় হাসপাতালে নেওয়া হচ্ছে। মেয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।৫ জুন ধানমন্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মনজুর। পরের দিন তাঁর বাবা মনজুর হোসেন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের। নির্যাতনে গুরুতর আহত রুমানা আট দিন চিকিৎসাধীন ছিলেন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে। নির্যাতনে তাঁর বাঁ চোখ নষ্ট হয়ে গেছে এবং ডান চোখের অবস্থাও আশঙ্কাজনক।এদিকে নৃশংস এ নির্যাতনের প্রতিবাদে গতকাল মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রুমানার স্বামী হাসান সাইদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন, সমাবেশ ও মৌন মিছিল করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা কালো কাপড় বেঁধে দেন অপরাজেয় বাংলার ভাস্কর্যের চোখে।এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সকালে মানববন্ধন ও মৌন মিছিল বের করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁদের হাতের ফেস্টুনে ছিল প্রতিবাদের ভাষা। এর মধ্যে ছিল ‘রুমানা ম্যাডামের অন্ধত্ব চেতনার অন্ধত্ব, আমার অন্ধত্ব চাই না’, ‘নির্বিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার আইন’, ‘এখানে কি তবে নরপশুদের রাজত্ব?’সহ প্রতিবাদী বিভিন্ন স্লোগান। মৌন মিছিলটি অপরাজেয় বাংলা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় এসে সমবেত হয়। ক্যাম্পাস প্রদক্ষিণকালে বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরাও মিছিলে অংশ নেন।অপরাজেয় বাংলায় সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো ৭২ ঘণ্টার মধ্যে নিপীড়ক হাসান সাইদকে গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা, নির্যাতিত রুমানা মনজুরের চিকিৎসার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গ্রহণ করা এবং তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানলে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলনে যাওয়ার হুমকি দেন।এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুমানা মনজুরের ওপর অমানবিক নির্যাতনকারী স্বামী হাসান সাইদকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। নির্যাতিত হওয়ার নয় দিন পর আজ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় শিক্ষক নেতারা তাঁকে গ্রেপ্তারের এ সময় বেঁধে দিলেন। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এটাই ছিল প্রথম প্রতিবাদী কর্মসূচি।