চোখের জলে ভিজেছে আবিদের নতুন অ্যালবামের প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবিদ নেই। মৃত্যুর আগেই তিনি শেষ করেছিলেন নিজের নতুন অ্যালবামের কাজ। নাম দিয়েছিলেন নব আনন্দে জাগো। বুধবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় রবীন্দ্রসংগীতের এই অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন আবিদের বাবা মিনা মিজানুর রহমান, মা রমা রহমান, মামুনুর রশীদ, শাকিলা জাফর, সামিনা চৌধুরী, পার্থ বড়ুয়া, প্রিন্স মাহমুদ, শফিক তুহিন, অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া, আবিদের বন্ধু, সহকর্মী ও আত্মীয়স্বজন। পুরো অনুষ্ঠানেই ছিল শোকের আবহ।অনুষ্ঠানে আবিদকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আবিদের মা রমা রহমান। বললেন, ‘অ্যালবামটি ঘিরে আবিদের অনেক স্বপ্ন ছিল। অথচ তাঁর অনুপস্থিতিতেই অ্যালবামটি প্রকাশ করতে হচ্ছে। এটা যে কত বেদনার, সেটা ভাষায় প্রকাশ করতে পারব না।’ এ সময় উপস্থিত অনেকেরই চোখ ভিজে যায়। অনুষ্ঠানের শুরুতে আবিদের জীবনের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর নব আনন্দে জাগো অ্যালবাম থেকে ‘আমার পরান যাহা চায়’ গানটি গেয়ে শোনান আবিদের ছোট ভাই বাঁধন শাহিরয়ার। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন পুতুল।অ্যালবামটির সংগীতায়োজন করেন মোস্তফা শাওন। অ্যালবামে গান রয়েছে ১০টি। দুটি গানে আবিদের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী ও এলিটা।