চোখের সমস্যা বাড়ছে এশিয়ায়
এশিয়ার বড় বড় শহরে স্কুল পার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৯০ শতাংশই চোখের সমস্যায় ভুগছে। তা হচ্ছে ক্ষীণ দৃষ্টি। সম্প্রতি এক সমীক্ষার ভিত্তিতে বিজ্ঞানীরা এ তথ্য পাওয়ার কথা দাবি করেছেন। বিজ্ঞানবিষয়ক সাময়িকী ল্যানসেটে এই সমীক্ষাবিষয়ক প্রতিবেদন প্রকাশিত হয় বলে বিবিসি অনলাইনে জানানো হয়।গবেষকদের মতে, চোখের এ সমস্যার অস্বাভাবিক বেড়ে যাওয়ার পেছনে রয়েছে স্কুলে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও বেশির ভাগ সময় বাইরের আলো থেকে দূরে থাকা।বিজ্ঞানীদের ভাষ্য, এশিয়ায় প্রতি পাঁচজনের একজন শিক্ষার্থী এ দৃষ্টি সমস্যায় ভুগছে। কেউ কেউ দৃষ্টিশক্তিও হারাচ্ছে। যুক্তরাজ্যে ক্ষীণ দৃষ্টি সমস্যায় ভোগা রোগীর গড় ২০ থেকে ৩০ শতাংশ। গবেষণার পরিচালক অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ইয়ান মর্গান বলেন, একসময় দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষের মধ্যেও মাত্র ২০ থেকে ৩০ শতাংশ এ সমস্যায় ভুগত।বিবিসিকে তিনি জানান, গত দুই প্রজন্মে এমন অস্বাভাবিক কিছু ঘটেছে, যার কারণে এ সমস্যা সৃষ্টি হতে পারে। চক্ষু বিশেষজ্ঞরা বলেছেন, যদি কোনো ব্যক্তি দুই মিটারের (প্রায় সাড়ে ছয় ফুট) বেশি দূরের বস্তু ঝাপসা দেখেন, তাহলে বুঝতে হবে তিনি দৃষ্টিক্ষীণতায় আক্রান্ত।গবেষণায় দেখা গেছে, চোখের এ সমস্যাটির পেছনে বেশ কয়েকটি বিষয় জড়িত। এর মধ্যে রয়েছে পড়াশোনা-বিষয়ক কঠোর পরিশ্রম এবং বাইরের (সূর্যের আলো) আলো থেকে দূরে থাকা। এর পক্ষে অধ্যাপক মর্গান যুক্তি দেখিয়ে বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক শিশু ঘণ্টার পর ঘণ্টা স্কুলে পড়াশোনা এবং বাসার কাজ (হোম ওয়ার্ক) নিয়ে ব্যস্ত থাকে। এ বিষয়গুলো তাদের চোখে চাপ সৃষ্টি করে। ঘরের আলোর পাশাপাশি ভারসাম্যের জন্য দুই থেকে তিন ঘণ্টা দিনের আলোর সংস্পর্শ তাদের চোখকে সুস্থ রাখতে অনেকটাই সাহায্য করে।বিজ্ঞানীদের মতে, ‘ডোপামাইন’ নামের এক ধরনের রাসায়নিক পদার্থ অক্ষিগোলককে বাড়তে দেয় না। তাই ডোপামাইনের পরিমাণ যত বেশি হবে, দৃষ্টিক্ষীণতাও তত কম হবে। আর দিনের আলোর সংস্পর্শ যত বেশি পাওয়া যাবে, চোখে ডোপামাইনের মাত্রাও তত বেশি হবে। তাঁরা বলেন, দিনের স্বাভাবিক আলোতে দুই-তিন ঘণ্টা থাকলেই চলবে।গবেষকদের তথ্যমতে, এশিয়ার সাংস্কৃতিক কিছু বিষয়ও এ অঞ্চলে চোখের সমস্যায় কিছুটা প্রভাব ফেলে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের শিশুরা দুপুরের খাওয়া-দাওয়া শেষে একটু ঘুমায়। এ ব্যাপারে অধ্যাপক মর্গান বলেন, এতে তারা দিনের মূল আলোটাই পায় না।