চোখের সামনে অস্ত্রধারীরা বাবাকে তুলে নিয়ে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী রাশিদুল ইসলাম। তিনি মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী আবুল খায়েরের ছোট ছেলে। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা থেকে তাঁর চোখের সামনে তাঁর বাবাকে অস্ত্রধারীরা ধরে নিয়ে যায়।বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাশিদুল ইসলামের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।জবানবন্দিতে রাশিদুল ইসলাম বলেন, একাত্তরে তাঁর বয়স ছিল ছয় বছর। তাঁর বাবা আবুল খায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। একাত্তরের ১৪ ডিসেম্বর তাঁর বাবা চাদর গায়ে ফুলার রোডে শিক্ষকদের আবাসিক এলাকায় নিজ বাসার সামনে হাঁটতে বের হন। তিনি বাসার বারান্দায় খেলছিলেন। তিনি দেখেন, বাসার সামনে চার-পাঁচজন অস্ত্রধারী আগন্তুক তাঁর বাবার কাছে গিয়ে প্রশ্ন করে, ‘আপনি কি ড. আবুল খায়ের?’ জবাবে তাঁর বাবা ‘হ্যাঁ’ বললে অস্ত্রধারীরা তাঁর গায়ে থাকা চাদর দিয়ে চোখ বাঁধে। ঘটনাটি তিনি তাৎক্ষণিক মাকে বললে মা দ্রুত আগন্তুকদের কাছ থেকে বাবাকে ছাড়াতে যান। এ সময় আগন্তুকেরা অস্ত্র উঁচিয়ে মাকে গুলি করার ভয় দেখায়। পরে বাবাকে কাদামাখা একটি মাইক্রোবাসে তোলা হয়। একই সময় তাঁদের বাসার চারতলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফজলে মুহিতকেও ধরে ওই মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের যে মাইক্রোবাসটিতে তুলে নিয়ে যাওয়া হয়, তার চালক মফিজ ও অধ্যাপক গিয়াসউদ্দিনের ভাগনি মাসুদা বানুর (এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী) কাছে তাঁরা শোনেন, বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিল। মফিজের স্বীকারোক্তি অনুসারে মিরপুরের বধ্যভূমি থেকে তাঁর বাবাসহ আরও কয়েকজন বুদ্ধিজীবীর লাশ উদ্ধার করা হয়। চাদর দেখে তাঁরা বাবার গলিত লাশ শনাক্ত করেন। স্বাধীনতার পর তিনি পত্রিকায় আশরাফুজ্জামানের বাড়ি থেকে উদ্ধার করা জল্লাদের ডায়েরি প্রকাশিত হলে তিনি তা দেখেন। ওই ডায়েরিতে বুদ্ধিজীবীদের নামের তালিকায় তাঁর বাবার নামও ছিল।জবানবন্দির শেষ পর্যায়ে সাক্ষী তাঁর বাবাসহ বুদ্ধিজীবীদের হত্যার বিচার চান। জবানবন্দি শেষে রাশিদুল ইসলামকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।আইনজীবী মত (সাজেশন) দেন, ‘আপনার বাবাকে অপহরণের সঙ্গে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন না।’ জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। রাশিদুলের সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।