চোখের সেবায় আপনার পেশা
পেশা নির্বাচনে অনেকেরই আগ্রহ থাকে সেবামূলক কাজে। যাঁরা এ ধরনের কাজের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান বা নিয়োজিত হওয়ার সুযোগ খোঁজেন, তাঁদের জন্য তেমনই একটি পেশা হলো চোখের চিকিৎসাসেবা। এ ক্ষেত্রে চিকিৎসকের সহযোগী হয়ে বা চোখের বিষয়ে অন্য কারিগরি কাজের মাধ্যমে নিজেকে যুক্ত করা যায়। এ পেশায় আগ্রহী ব্যক্তিদের ডিপ্লোমা ও স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ রয়েছে। ইতিমধ্যে পত্রিকায় বিভিন্ন চক্ষু ইনস্টিটিউটে অফথালমিক অ্যাসিস্ট্যান্ট (এমএলওপি) ডিপ্লোমা ও ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি (বি. অপটম) স্নাতক পর্যায়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘চক্ষুসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে’ আগ্রহী ব্যক্তিরা এ সুযোগ নিয়ে মানবিক সেবায় গড়তে পারেন নিজেদের ক্যারিয়ার বা কর্মজীবন।ডিপ্লোমা কোর্স: এ প্রসঙ্গে ময়মনসিংহ বিএনএসবি ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজির (এমবিআইসিও) অ্যাডমিনিস্ট্রেটর এস কে এম জহিরুল হক জানান, ডিপ্লোমা কোর্সের মেয়াদ এক বছর। এ কোর্সটিতে পড়ানো হয় অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অব আই, কমন ডিজিজেস অব হিউম্যান আই, ফিজিক্যাল অ্যান্ড ভিজ্যুয়াল অপটিকস, অফথালমিক ডায়াগনস্টিক, অফথালমিক ইনস্ট্রুমেন্টেশন, রোগীর চোখ পরীক্ষার প্রাথমিক প্রক্রিয়া।সেই সঙ্গে রোগীকে চশমা দেওয়া ও চক্ষু চিকিৎসার মৌলিক বিষয়গুলোতে প্রাথমিক সবকিছুই হাতেকলমে শেখানো হয়। সবমিলিয়ে শিক্ষার্থীদের তাত্ত্বিক, ব্যবহারিক ও ক্লিনিক্যাল তিনটি বিভাগেই নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। ভর্তির সুযোগ যেখানে: খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি হতে হলে ৮ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। এমবিআইসিও আবেদনের শেষ তারিখ আগামী ৬ ডিসেম্বর। এ ছাড়া ঢাকার ফার্মগেটের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালেও এ কোর্সে পড়ার সুযোগ রয়েছে। স্নাতক ডিগ্রি: ডিপ্লোমা কোর্স ছাড়াও আছে চার বছর মেয়াদি বি. অপটম পড়ার সুযোগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্র এবং ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজিতে স্নাতক করা যাবে। প্রতিবছর এ ক্ষেত্রে ১৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। আবেদনপত্র জমা দিতে হবে ২৬ নভেম্বরের মধ্যে।ভর্তির যোগ্যতা: ডিপ্লোমা ক্ষেত্রে প্রার্থীকে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাস হতে হবে। বয়স ২৫ বছরের মধ্যে থাকতে হবে। স্নাতক পর্যায়ে ভর্তির জন্য বিজ্ঞান শাখায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পাস ও উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৬ পয়েন্ট থাকতে হবে। উভয় কোর্সে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। আবেদন-প্রক্রিয়া: প্রার্থীরা সরাসরি ইনস্টিটিউট বা ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। উভয় কোর্সে আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট আকারের ছবিসহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র ও সনদের ফটোকপি জমা দিতে হবে। খরচাপাতি: স্নাতক পর্যায়ে প্রার্থীকে কোর্স ফি বাবদ প্রতিবছর এক লাখ টাকা দিতে হবে। ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে চট্টগ্রাম প্রশিক্ষণকেন্দ্রে এক লাখ, এমবিআইসিওতে ৬০ হাজার ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটে ৬৫ হাজার টাকা লাগবে।কাজের ক্ষেত্র: ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজির পরিচালক মনিরুজ্জামান ওসমানী জানান, সফলভাবে কোর্স সম্পন্ন করতে পারলে বিভিন্ন চক্ষু হাসপাতালে কাজ করার প্রচুর সুযোগ আছে। এ ছাড়া দেশের বাইরেও বিশেষ করে মধ্যপ্রাচ্যের কুয়েত, ওমান, সৌদি আরব, কাতারসহ অন্যান্য দেশে এ পেশার ব্যাপক চাহিদা রয়েছে। তিনি আরও জানান, সে অনুযায়ী বি. অপটম ডিগ্রিধারীরা চিকিৎসকের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন। এদেশে বি অপটমের মতো দক্ষ জনশক্তির মাধ্যমে চক্ষু চিকিৎসাকে মানুষের দোর-গোড়ায় পৌঁছানো যাবে ও বিভিন্ন চক্ষু সেবাকেন্দ্রের মাধ্যমে সফলভাবে এ সেবা দেওয়া যাবে। বাধ্যবাধকতা: ডিপ্লোমা কোর্সে পড়তে প্রার্থীকে অবিবাহিত হতে হবে। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির বিভিন্ন হাসপাতালে কমপক্ষে পাঁচ বছর চাকরি করতে হবে। এমন ধরনের অঙ্গীকারনামা দিতে হবে প্রত্যেক শিক্ষার্থীকে। তবে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে এবং স্নাতক পর্যায়ে এমন বাধ্যবাধকতা নেই।যোগাযোগ: ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, ফার্মগেট, ঢাকা, ফোন: ৮১১২৮৫৬। ময়মনসিংহ বিএনএসবি ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি, ১৯৩ সেহরা ধোপাখাল রোড, ময়মনসিংহ, ফোন: ৬৬৯৮২, ৬৭১৮০। ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্র ক্যাম্পাস, পাহাড়তলী, চট্টগ্রাম, ফোন: ৬৫৯০১৭/১৯ বর্ধিত ২৭৫। মুঠোফোন-০১৭১৬৯৫৭৭৬২। ওয়েবসাইট: www.ctgeyeinfirmary.info, www.ctgeyeinfirmary.info